সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা
সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- জনগণের বাকস্বাধীনতা নিশ্চিত করে ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হচ্ছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী
- নারী ও শিশুর সাইবার সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং অপব্যবহার রোধে বিশেষ বিধান যুক্ত করার কাজ চলছে
- সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে শিক্ষামূলক কনটেন্ট তৈরি ও প্রচার করা হবে
ময়মনসিংহ: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার।
সাইবার সুরক্ষা আইন সংশোধনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আইনটির অপব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে এটিকে কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে কাজ চলছে।
১৩ আগস্ট, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তারের প্রেক্ষাপটে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে আমরা কাজ করছি। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাইবার বুলিং, মানহানিকর প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনটিতে প্রয়োজনীয় বিধান রাখা হবে।" আইনটি প্রণয়নের আগে ব্যাপক জনপরামর্শ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, সরকারের সমালোচনা করতে কোনো বাধা নেই। তিনি বলেন, "সরকারের সমালোচনা সবাই করতে পারেন। এমনকি সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এটি নাগরিকের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতারই অংশ। তবে রাষ্ট্রবিরোধী বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রচলিত আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।"
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, এসব কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে প্রচারের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবীর বক্তব্য দেন। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী ময়মনসিংহ জেলায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
//ডিবিটেক/ ডিপিও/ এমআইএস//





