বাক্কো-বাংলাদেশ হাই-টেক পার্ক বৈঠকে এআই দক্ষতা ও রপ্তানিতে জোর
হাই-টেক পার্কে বিপিও হাবের প্রস্তাব
- হাই-টেক পার্কে আউটসোর্সিং স্পেস প্রতিষ্ঠার প্রস্তাব
- এআই ও আইটিইএস দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগের আলোচনা
- প্রযুক্তি সেবা রপ্তানি ও কর্মসংস্থান বাড়াতে সহযোগিতার অঙ্গীকার
দেশের বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং), আইটিইএস (আইটি এনাবলড সার্ভিসেস) এবং ডিজিটাল সেবা খাতের সম্প্রসারণে যৌথ উদ্যোগ জোরদার করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই, সোমবার অনুষ্ঠিত বৈঠকে হাই-টেক পার্কগুলোতে বিশেষায়িত আউটসোর্সিং স্পেস গড়ে তোলা, এআই দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি সেবা রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে বাক্কোর পরিচালক আব্দুল কাদের এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান অংশ নেন।
হাই-টেক পার্কে বিপিও ইকোসিস্টেমের পরিকল্পনা
আলোচনায় দেশের বিভিন্ন হাই-টেক পার্কে বিপিও, আইটিইএস, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানের জন্য আধুনিক আউটসোর্সিং স্পেস প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের অবকাঠামো গড়ে উঠলে উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো আধুনিক কর্মপরিবেশ, প্রযুক্তিগত সহায়তা এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রযুক্তিনির্ভর সেবার প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে।
এআই দক্ষতা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব
বৈঠকে শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে একটি টেকসই স্কিল ডেভেলপমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়, যাতে তরুণদের আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা যায়।
রপ্তানি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
বৈঠকে বিপিও ও আইটিইএস খাতকে আরও শক্তিশালী করে প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের সক্ষমতা সম্প্রসারণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়।
বাক্কো জানায়, সরকার ও শিল্পখাতের সমন্বিত উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক বিপিও, আইটিইএস ও আউটসোর্সিং শিল্পে একটি প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।
সংগঠনটি ভবিষ্যতেও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এর মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানির মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার আশা প্রকাশ করা হয়।
//ডিবিটেক/ কেএমএইচএফ/ এমএসআই//





