সর্বাধুনিক প্রযুক্তিতে হবে লালদিয়া টার্মিনাল
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। ডেনমার্কের সহযোগিতায় আগামী ৩০ আগস্ট টার্মিনালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আধুনিক ও পরিবেশবান্ধব গ্রিন টার্মিনালটিতে অফিস থেকে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে ক্রেন পরিচালনার প্রযুক্তি থাকবে।
১৩ আগস্ট, বৃহস্পতিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের (APM Terminals) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, টার্মিনালের ক্রেনগুলো অফিস থেকে দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে। এতে পরিচালন দক্ষতা ও নিরাপত্তা আরও বাড়বে। পাশাপাশি প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যা বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।
তিনি বলেন, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন এ টার্মিনাল নির্মাণের ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রী ডেনমার্কের আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করেন। বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার ও দেশটির বিনিয়োগকারীদের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। দেশের বন্দর ও নৌপরিবহন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে বন্দর অবকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও সক্ষম করে গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
বৈঠকে এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে বন্দর ও টার্মিনাল অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তারা লালদিয়া কনটেইনার টার্মিনালসহ বাংলাদেশের বন্দর খাতে আধুনিক প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এপিএম টার্মিনালসের সিইও উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/কেএবিপি/এমআইএস//





