খুদে বিজ্ঞানীদের উদ্দেশে যা বললেন ডা. জুবাইদা রহমান
দেশের তরুণ প্রজন্ম এবং খুদে বিজ্ঞানীদের উৎসাহ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৩ মে) বিকালে জেডআরএফ কার্যালয়ে ‘ভার্চুয়াল বিজ্ঞান মেলা-২০২৪’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী এই উৎসাহ দেন।
এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি।
অনুষ্ঠানে শিশু-কিশোর তথা খুদে বিজ্ঞানীদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, প্রত্যেক প্রতিযোগীকে তাদের অভিনব বিজ্ঞান প্রজেক্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন। এই অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে কোনও কর্মসূচিতে বক্তব্য রাখলেন তিনি।
১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন ডা. জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডা. জুবাইদা রহমান। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডনে বসবাস করছিলেন তিনি।
শুক্রবার বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর জেডআরএফ’র বোর্ড অব ডিরেক্টরস কমিটির সদস্য এবং উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন জুবাইদা রহমান। অনুষ্ঠানে জেডআরএফ’র প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, খুদে বিজ্ঞানীদের মেধা, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতা সত্যিই অসাধারণ এবং আমাদের মুগ্ধ করেছে। আমি প্রত্যাশা করি, তোমরা তোমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে সার্থক হও এবং বিশ্বদরবারে দেশের মুখ উজ্জ্বল করো। বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ সেটি দেখে আশা করি ভবিষ্যতে তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিছু করবে। ইনশাআল্লাহ, আমাদের সবার সহযোগিতা থাকবে।
তিনি বলেন, বিজ্ঞানের জগতে যেকোনও সময় যেকোনও রকম প্রশ্ন তোমাদের থাকলে সে বিষয়ে তোমরা বিচারকমণ্ডলীর কাছে যেতে পারো। তারা তোমাদের অনুপ্রেরণা দিয়েছেন, পথ দেখিয়েছেন। বিজ্ঞান চর্চার কোনও শেষ নেই। এর মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেওয়ার আছে। আমার বিশ্বাস, তোমরা তা পারবে।
মূলত শিশু-কিশোর ও নতুন প্রজন্মের মাঝে বৈজ্ঞানিক উদ্ভাবন ও সর্বোতভাবে বিজ্ঞান চর্চার অনুপ্রেরণাকে লক্ষ্য করে গত ৪ বছর ধরে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় বিজয়ী ১৭ জনের মাঝে পুরস্কার (ল্যাপটপ) ও সনদ বিতরণ করা হয়েছে।
জেডআরএফ’র কার্যালয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলায় বিজয়ীদের হাতে পুরস্কার দেওয়ার পাশাপাশি সংগঠনের বোর্ড অব ডাইরেক্টরস ও উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষায় ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা- এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’-এই স্লোগান নিয়ে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর জিয়াউর রহমান ফাউন্ডেশন গঠন করা হয়।
জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের ভার্চুয়াল সভাপতিত্বে এবং ডাইরেক্টর (প্রোগ্রাম) ডা. ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। স্বাগত বক্তব্যে অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, যেসব খুদে বিজ্ঞানী ভার্চুয়াল বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে এবং বিজয়ী হয়েছে তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা। এরপর তিনি ডা. জুবাইদা রহমানকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংগঠনের কার্যালয়ে স্বাগত জানান।



