শেষ ট্রেনের বিরতি ২০ মিনিট থেকে কমে ৭-৮ মিনিটে নামছে; সুবিধা পাবেন আরও ১০ হাজার যাত্রী

সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, চলতি মাসেই যুক্ত হচ্ছে দুটি নতুন ট্রেন

  • শেষ ট্রেনের ২০ মিনিটের বিরতি কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে
  • ​সময় সম্প্রসারণে চালক বা অপারেটরদের বিশেষ প্রশিক্ষণ শেষ  ২৬ আগস্ট 
  • এই মুহূর্তে​ সকালে ট্রেনের সময় বাড়ানোর পরিকল্পনা নেই

সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, চলতি মাসেই যুক্ত হচ্ছে দুটি নতুন ট্রেন
১২ আগষ্ট, ২০২৬ ১৮:৪৪  

ঢাকায় মেট্রোরেলে চলাচলকারী যাত্রীদের সুবিধা আরও বাড়তে চলেছে। চলতি মাসের শেষ দিকে দুটি নতুন ট্রেন এবং আগামী সেপ্টেম্বর থেকে রাতে চলাচলের সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়ছে সাড়ে ১০টায় এবং উত্তরা থেকে রাতের সর্বশেষ ট্রেন ছাড়ছে ৯টা ৫০ মিনিটে। কর্তৃপক্ষ এবার রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও আধঘণ্টা বাড়িয়ে রাত ১১টা পর্যন্ত করার উদ্যোগ নিয়েছে। তবে সকালে সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

​বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে এবং মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম ট্রেনটি ছাড়ে সকাল সোয়া ৭টায়। ডিএমটিসিএল সূত্র জানায়, সময় সম্প্রসারণের জন্য ট্রেনের প্রয়োজনীয় চালক বা অপারেটরদের প্রশিক্ষণ ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে, যা আগামী ২৬ আগস্ট সম্পন্ন হবে। মূলত মেট্রো ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ ঠিক রেখেই যাত্রীসেবা প্রসারিত করতে এই নতুন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

​চলতি মাসের শেষ দিকে বাড়তি দুটি ট্রেনের চলাচল শুরু হলে বড় স্বস্তি আসবে যাত্রীদের। বর্তমানে শেষ ট্রেনের মাঝখানে যে ২০ মিনিটের বড় বিরতি (হেডওয়ে) আছে, তা উল্লেখযোগ্য হারে কমে মাত্র ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে। এর ফলে প্রতিদিন আনুমানিক ১০ হাজার বাড়তি যাত্রী অনায়াসে যাতায়াত করতে পারবেন। ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতে দুটি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং চালুর সুনির্দিষ্ট দিন-তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

ট্রেন বাড়লে দুই ট্রেনের মধ্যবর্তী বিরতিও কমে আসবে। এছাড়া আগামী মাস থেকে রাতে মেট্রোরেলের সার্বিক সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
​//ডিবিটেক/বিএমও/এসএমই//