পড়াশোনার পাশাপাশি দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর আহ্বান উপাচার্যের

বাকৃবিতে ‘সিটি ব্যাংক স্পটলাইট’ অনুষ্ঠিত

বাকৃবিতে ‘সিটি ব্যাংক স্পটলাইট’ অনুষ্ঠিত
১২ আগষ্ট, ২০২৬ ১৯:০২  
১২ আগষ্ট, ২০২৬ ২১:১৩  
  • ​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার ও করপোরেট গাইডলাইন দিতে ‘সিটি ব্যাংক স্পটলাইট’ অনুষ্ঠিত হয়েছে।
  • ​ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএডিএস) ব্যবস্থাপনায় ১২ আগস্ট (বুধবার) এই আয়োজন করা হয়।
  • ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মেধা ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
  • ​মূল কি-নোট সেশন পরিচালনা করেন সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহমুদ গনি।
  • ​বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও করপোরেট জগতের সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে ‘সিটি ব্যাংক স্পটলাইট’ শীর্ষক ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএডিএস) ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

​আইএডিএসের পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আহসানুজ্জামান লিন্টু। অধ্যাপক ড. শাকিলা সালামের সঞ্চালনায় বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

​অনুষ্ঠানের মূল পর্ব ‘স্পটলাইট কি-নোট সেশন’ পরিচালনা করেন সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গনি। তিনি করপোরেট জগতের পরিবর্তিত বাস্তবতা, সম্ভাবনা, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সময় ব্যবস্থাপনা, মনোযোগ ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি ভালো আচরণ, ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ ও আত্মবিশ্বাসের সঙ্গে যোগাযোগের ওপর জোর দেন। দুই ঘণ্টার এই আয়োজনে কি-নোট সেশনের পর শিক্ষার্থীদের নিয়ে একটি মিথস্ক্রিয়াশীল (ইন্টার‌্যাকটিভ) প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্য ও ফটোসেশনের মধ্য দিয়ে শেষ হওয়া এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিটি ব্যাংকের কর্মকর্তাসহ প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
​//ডিবিটেক/আরএমও/এসএমআই//