আগস্টে ফের ৩০ হাজারের বেশি ইভি সরবরাহ করলো শাওমি
চীনের বৈদ্যুতিক গাড়ির বাজারে আবারও চমক দেখালো শাওমি। কোম্পানিটি আগস্ট মাসে ৩০ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করেছে, যা টানা দ্বিতীয় মাসে একই রেকর্ড। শাওমির প্রথম বৈদ্যুতিক এসইউভি মডেল ওয়াইইউ৭-এর বিপুল জনপ্রিয়তার কারণেই এই বিক্রির সাফল্য এসেছে। খবর জিএসএম এরিনা।
ওয়াইইউ৭ মডেলটি চালু হয় ২৬ জুন, যেখানে একক চার্জে ৭৬০ থেকে ৮৩৫ কিলোমিটার পর্যন্ত চলার ক্ষমতা রয়েছে। এর মূল্য ধরা হয়েছে ২,৫৩,৫০০ থেকে ৩,২৯,৯০০ ইউয়ান পর্যন্ত। বিপুল চাহিদার কারণে বর্তমানে ক্রেতাদের ৫৬ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
শাওমি উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন কারখানা ও নিয়োগ কার্যক্রম শুরু করেছে। কোম্পানির লক্ষ্য ২০২৫ সালে ৩.৫ লাখ এবং ২০২৭ সালে ৮ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা।
ডিবিটেক/বিএমটি



