সিইএসে সনি-হোন্ডা মবিলিটির নতুন প্রোটোটাইপ ইভি উন্মোচন

সিইএসে সনি-হোন্ডা মবিলিটির নতুন প্রোটোটাইপ ইভি উন্মোচন
৬ জানুয়ারি, ২০২৬ ১৪:০০  

লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২৬ প্রদর্শনীতে সনি–হোন্ডা মবিলিটি তাদের নতুন প্রোটোটাইপ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। সনি গ্রুপ ও হোন্ডা মোটরের যৌথ উদ্যোগে গঠিত এই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বাজারে বৈদ্যুতিক গাড়ি সরবরাহের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। খবর রয়টার্স।

সনি–হোন্ডা মবিলিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসুহিদে মিজুনো জানান, ‘আফিলা’ প্রোটোটাইপের ওপর ভিত্তি করে তৈরি নতুন মডেলটি ২০২৮ সালের মধ্যেই মার্কিন গ্রাহকদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, কোম্পানিটির প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘আফিলা ১’-এর ক্যালিফোর্নিয়ায় গ্রাহক সরবরাহ চলতি বছরের শেষ দিকে শুরু হতে পারে। গত বছর উন্মোচিত এই মডেলের প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৮৯ হাজার ৯০০ মার্কিন ডলার।

উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়া এবং শুল্ক ও নীতিগত পরিবর্তনের কারণে যখন অনেক মার্কিন নির্মাতা নতুন প্রকল্প স্থগিত করছে, তখন সনি–হোন্ডার এই ঘোষণা সিইএসে একটি ব্যতিক্রমী উপস্থিতি হিসেবে নজর কেড়েছে।

ডিবিটেক/বিএমটি