চুয়েট সিএসই গ্র্যাজুয়েটদের বড় স্বপ্ন দেখার আহ্বান উপাচার্যের
পেশাগত জীবনে যে ক্ষেত্রেই কাজ করা হোক না কেন, পূর্ণ মনোযোগ, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। তিনি বলেছেন, জীবনে কঠোর পরিশ্রম ও বিনয়ের মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে সিএসই বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চুয়েট উপাচার্য বলেন, সবসময় হাসিখুশি ও প্রফুল্ল মন নিয়ে কাজ করার পাশাপাশি ভালো যোগাযোগ বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, স্বপ্ন যত বড় হবে, সাফল্যও তত বড় হবে। মেধার কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা যায় না।
তিনি বলেন, ভবিষ্যতে চুয়েটের প্রত্যেক শিক্ষার্থীকে এক একটি বড় প্রতিষ্ঠানের সমতুল্য হিসেবে দেখতে চাই। বাংলাদেশের মূল্যবোধ ধারণ করে চুয়েটকে দ্রুততম সময়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে হবে।
সিএসই গ্র্যাজুয়েটদের কর্মপরিধি অত্যন্ত বিস্তৃত উল্লেখ করে উপাচার্য বলেন, দেশে ও বিদেশে তাঁদের সামনে থাকা সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ ইব্রাহিম খান, অধ্যাপক ড. কৌশিক দেব, অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক, অধ্যাপক ড. আবু হাসনাত মোহাম্মদ আশফাক হাবীব, সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন এবং সহযোগী অধ্যাপক ড. মো. মঞ্জর-উল-হাসানসহ বিভাগের অন্যান্য শিক্ষক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বক্তব্য দেন সিএসই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী রত্নজিত ধর ও আদিল রায়হান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক আয়েশা বানু ও সাইমুম হোসাইন সোহান।
//ডিবিটেক/ এআইএম/এমএসআই//





