ফল ১৭ সেপ্টেম্বর
একাদশে ভর্তিতে আবেদন ১০ লাখ
২০-২২ সেপ্টেম্বর ভর্তি, ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়েছে। এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। অনলাইনভিত্তিক এই ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের আবেদন, কলেজ নির্বাচন, ফল প্রকাশ, নিশ্চয়ন ও মাইগ্রেশনের পুরো কার্যক্রম প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় পরিচালিত হচ্ছে।
১৪ সেপ্টেম্বর, সোমবার বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ভর্তি আবেদনের কারিগরি দিকগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) দেখছে। তবে এখনো আবেদনকারীর সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টরাও এ তথ্য হাতে পাননি। মৌখিকভাবে প্রায় ১০ লাখ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে বলে জানা গেছে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শিগগির কোন শিক্ষার্থী কোন কলেজে মনোনয়ন পেয়েছেন, সেই তালিকা প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন নেওয়া হয়।
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর অনলাইন আবেদন, ফল প্রকাশ, শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি নিশ্চয়ন শেষ করে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলবে।
এরপর ২৩ সেপ্টেম্বর সারাদেশে একযোগে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। তবে একই দিনে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি থাকলে পরদিন ২৪ সেপ্টেম্বর সারাদেশে একযোগে ক্লাস শুরু হতে পারে।
//ডিবিটেক/জেএনও/এসএমই/এমআইএস//





