নটর ডেম বিশ্ববিদ্যালয়ের সিএসই ফেস্টে স্টেম অলিম্পিয়াড
প্রযুক্তি, সৃজনশীলতা ও একাডেমিক উৎকর্ষকে সামনে রেখে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এনডিইউবি সিএসই ফেস্ট ২০২৬’। এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমীরা অংশ নিচ্ছেন। তাদের অংশগ্রহণে ১৫ মে, শুক্রবার অনুষ্ঠিত হবে স্টেম অলিম্পিয়াড।
শনিবার ৮৬টি বিশ্ববিদ্যালয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। একই দিনে ‘বিয়ন্ড কোড: এথিক্স, লজিক অ্যান্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং’ শীর্ষক একটি সেমিনারও অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ আয়োজন।
এরআগে ১৪ মে, বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ফেস্টের সূচনা ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, উপ-উপাচার্য ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি এবং রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি।
বক্তারা উল্লেখ করেন, ভবিষ্যৎ কম্পিউটিং পেশাজীবীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তাদের ভাষ্য, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সৃজনশীল উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেইনটেন্যান্স ডিরেক্টর ফাদার এডমন্ড ক্রুজ, সিএসসি, ডিন ড. অলক কুমার চক্রবর্তী, ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি, ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক ফাদার বাধন হিলারিয়াস রোজারিও, সিএসসি এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ. এইচ. এম. সাইফুল ইসলাম।
ডিবিটেক/এএস/এমআই



