সেভর এক্সপোতে জ্বালানি-সাশ্রয়ী কুলিং প্রযুক্তি প্রদর্শন
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা–তে অনুষ্ঠিত ‘সেইফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন’ শীর্ষক সেভর এক্সপোতে সর্বাধুনিক সিস্টেম এয়ার কন্ডিশনিং প্রযুক্তি প্রদর্শন করেছে স্যামসাং।
১৪ থেকে ১৬ মে পর্যন্ত চলা এ প্রদর্শনীতে সাইনটেক টেকনোলজি–এর সঙ্গে অংশীদারিত্বে অংশ নেয় প্রতিষ্ঠানটি। আইসিসিবির ৪ নম্বর হলের ৬৫ ও ৬৮ নম্বর স্টলে শিল্পসংশ্লিষ্ট অংশীজন, প্রকৌশলী এবং সম্ভাব্য গ্রাহকদের সামনে তাদের বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রণ প্রযুক্তি তুলে ধরা হয়।
প্রদর্শনীতে স্যামসাং তাদের উচ্চ-দক্ষতাসম্পন্ন ডিভিএম এস২ বাণিজ্যিক এয়ার কন্ডিশনিং সলিউশন প্রদর্শন করে। আধুনিক বাণিজ্যিক ভবন ও বড় স্থাপনার জন্য তৈরি এই প্রযুক্তিতে উন্নত জ্বালানি দক্ষতা, স্থিতিশীল শীতলীকরণ এবং স্মার্ট নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের প্রযুক্তি বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয় কমাতে সহায়ক হতে পারে।
প্রদর্শনীটি এইচভিএসি খাতের পেশাজীবী, রিয়েল এস্টেট ডেভেলপার এবং করপোরেট গ্রাহকদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছে স্যামসাং। একই সঙ্গে দেশে জ্বালানি-সাশ্রয়ী ও স্মার্ট কুলিং প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন শাহিন হোসেন খান। সাইনটেক টেকনোলজির পক্ষে উপস্থিত ছিলেন মো. আল-আমিন এবং মোস্তফা কামাল। এছাড়া উপস্থিত ছিলেন শেখর চন্দ্র বিশ্বাস এবং আলমগীর খান।
জাং মিন জাং বলেন, বাংলাদেশে বিশেষ করে বাণিজ্যিক স্থাপনাগুলোতে স্মার্ট ও জ্বালানি-সাশ্রয়ী কুলিং সমাধানের চাহিদা দ্রুত বাড়ছে। ডিভিএম এস২–এর মতো প্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে কর্মদক্ষতা বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।
সাইনটেক টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. আল-আমিন বলেন, স্যামসাংয়ের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে উন্নত এইচভিএসি সমাধান বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এ ধরনের শিল্পভিত্তিক প্রদর্শনী গ্রাহকদের পরিবর্তিত চাহিদা বুঝতে এবং নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে কার্যকর ভূমিকা রাখছে বলেও তিনি জানান।
ডিবিটেক/এমআর/ইকে



