উদীয়মান অর্থনীতিতে সাইবার সক্ষমতা বাড়াতে পাঁচ দিনের সম্মেলন
সাইবার রিজাইলেন্সে ফিনিক্স সামিটে বৈশ্বিক সংযোগ
বাংলাদেশে সাইবার নিরাপত্তা সক্ষমতা, ডিজিটাল রিজাইলেন্স এবং নীতিগত সমন্বয় জোরদারে শুরু হয়েছে ফিনিক্স সামিট ২০২৬। সরকারি প্রতিষ্ঠান, শিল্পখাত, গবেষক ও সাইবার বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজনে প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স শক্তিশালী করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে দেশের অন্যতম বড় সাইবার নিরাপত্তা সম্মেলন ‘ফিনিক্স সামিট ২০২৬’।
‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের মূল অধিবেশন রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। আয়োজনে অংশ নেন সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের প্রতিনিধি, একাডেমিক গবেষক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি পেশাজীবী ও শিক্ষার্থীরা।
সম্মেলনের আয়োজন করেছে দি টিম ফনিক্স গ্রুপ এবং সহযোগী অংশীদার হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক। আয়োজকদের তথ্য অনুযায়ী, পুরো আয়োজনজুড়ে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে বৃহৎ পরিসরের এমন উদ্যোগ নীতি, দক্ষতা ও উদ্ভাবনকে একই প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি করছে।
সম্মেলনের আলোচনায় সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার ঝুঁকি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পায়। বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা গবেষণা, বাস্তব অভিজ্ঞতা ও নীতিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
আয়োজক প্রতিষ্ঠানের গবেষণা প্রধান এএসএম শামীম রেজা বলেন, সাইবার নিরাপত্তা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়; এটি জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।
মূল সম্মেলনের আগে আয়োজিত টেকনিক্যাল ট্র্যাকে হাতে–কলমে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে সাইবার তদন্ত, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন নিরাপত্তা, দুর্বলতা ব্যবস্থাপনা এবং র্যানসমওয়্যার প্রতিরোধসংক্রান্ত প্রশিক্ষণ ছিল উল্লেখযোগ্য।
আয়োজকদের মতে, সরকার, শিল্পখাত, গবেষণা প্রতিষ্ঠান এবং পেশাজীবীদের সমন্বিত অংশগ্রহণ দীর্ঘমেয়াদে দেশের সাইবার ইকোসিস্টেমকে আরও প্রস্তুত ও কার্যকর করে তুলতে সহায়ক হবে।
//ডিবিটেক/এএএইচ/সম্পাদক//





