এআই নজরদারিতে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় মামলায় বাড়ছে ডিজিটাল নিয়ন্ত্রণ

এআই নজরদারিতে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় মামলায় বাড়ছে ডিজিটাল নিয়ন্ত্রণ
১১ মে, ২০২৬ ২৩:০০  

রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। ইতোমধ্যে এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এক সপ্তাহে তিন শতাধিক স্বয়ংক্রিয় মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

১১ মে, সোমবার রাজধানীর বিমানবন্দর ক্রসিংয়ে সৌরশক্তিচালিত ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনকালে তিনি জানান, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ধীরে ধীরে পুরোপুরি ডিজিটাল ও অটোমেটেড কাঠামোয় নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে নতুন করে আরও ৩০টি স্পটে এআইভিত্তিক ক্যামেরা ও মনিটরিং প্রযুক্তি স্থাপন করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় মামলা ব্যবস্থা চালুর লক্ষ্য রয়েছে। তখন ট্রাফিক সার্জেন্ট বা পরিদর্শকদের ম্যানুয়াল মামলা অনেকাংশে কমে আসবে। ট্রাফিক আইন বা মোটরযান আইন ভঙ্গ করলেই এআই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে যানবাহন শনাক্ত করে মামলা প্রক্রিয়া সম্পন্ন করবে।

তিনি জানান, রাজধানীর ৩০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত এআই ক্যামেরাগুলো রিয়েল-টাইম ভিডিও অ্যানালিটিক্স ব্যবহার করে আইনভঙ্গকারী যানবাহনের কয়েক সেকেন্ডের ভিডিও ফুটেজ ধারণ করছে। এরপর সফটওয়্যারটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ডাটাবেজের সঙ্গে সংযুক্ত হয়ে গাড়ির মালিকের তথ্য শনাক্ত করছে এবং সংশ্লিষ্ট ঠিকানায় ডিজিটাল প্রসিকিউশন নোটিশ পাঠানো হচ্ছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, খুব শিগগিরই মোবাইল অ্যাপ ও এসএমএসভিত্তিক নোটিফিকেশন চালু হবে। এতে ট্রাফিক মামলার তথ্য সরাসরি গাড়ির মালিকের মোবাইলে পৌঁছে যাবে এবং অনলাইনে জরিমানা পরিশোধের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টরা বলছেন, এতে ট্রাফিক ব্যবস্থাপনায় মানবনির্ভরতা কমবে এবং ডেটা-ড্রিভেন আইন প্রয়োগ নিশ্চিত হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, রাজধানীর বিভিন্ন সিগন্যাল লাইটের পোলগুলোতেও পর্যায়ক্রমে এআইভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা শুধু ট্রাফিক আইন লঙ্ঘন নয়, যানজটের ধরণ, গাড়ির গতি ও সড়কের চাপ বিশ্লেষণেও সহায়তা করবে।

তিনি বলেন, ইতোমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ক্যামেরাভিত্তিক ডিজিটাল নজরদারির কারণে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা কমেছে। একই প্রযুক্তি ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতেও স্থাপন করা হবে।

ডিএমপি কমিশনার দাবি করেন, প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ফলে ঢাকার যানবাহনের গড় গতি আগের তুলনায় বেড়েছে। তার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত যেখানে ঢাকার গড় গতিবেগ ৫ কিলোমিটারের নিচে ছিল, বর্তমানে তা ১০ কিলোমিটারের ওপরে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে রাজধানীতে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট, ডিজিটাল আইন প্রয়োগ এবং স্বয়ংক্রিয় পরিবহন নিয়ন্ত্রণ ব্যবস্থার নতুন যুগ শুরু হতে পারে।

ডিবিটেক/এসআই/ইকে