নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৮:০১  

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদ থেকে পদোন্নতি দিয়ে তাকে আইজিপি করা হয়েছে। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আলী হোসেন ফকির ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য। তার বাড়ি বাগেরহাটে। ১৯৬৮ সালে জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি পদে আছেন

চাকরি জীবনে ২০২২ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই সময়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশনে প্রশাসনিক প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন এই পুলিশ কর্মকর্তা। 

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বিগত দেড় দশকে ‘বঞ্চনার শিকার’ অনেক পুলিশ কর্মকর্তাকে বাহিনীতে ফিরিয়ে আনা হয়। এসপি হিসেবে পুলিশে ফেরার পর উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পান আলী হোসেন ফকির। এরপর তিনি ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) দায়িত্ব পালন করেন। সর্বশেষ অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএনে কর্মরত ছিলেন তিনি।

আইজিপি নিযুক্ত হওয়ার পর মো. আলী হোসেন ফকিরকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)। এক যৌথ বিবৃতিতে ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী এই অভিনন্দন জানান এবং তাঁর নতুন কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন মো. আলী হোসেন ফকির। 

১৯৯৫ সালে ১৫তম বিসিএস ক্যাডার হিসেবে সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন। পরে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনারও ছিলেন। তিনি রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) খুলনা-৩, এপিবিএন ঢাকা-৫ ও এপিবিএন সিলেট-৭-এর অধিনায়ক ছিলেন। আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন শেষে ফেরার পরে ২০১৩ সালের জানুয়ারিতে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজির দপ্তরে সংযুক্ত করা হয়েছিল। এরপর আর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব ও পদোন্নতি দেওয়া হয়নি তাকে।

আলী হোসেন ফকিরের সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ডিবিটেক/এসএ/ইকে