সাবমেরিন ক্যাবল সক্ষমতা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, প্রযুক্তিগত ব্যাখ্যায় বিএসসিপিএলসি’র প্রতিবাদ

সাবমেরিন ক্যাবল সক্ষমতা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, প্রযুক্তিগত ব্যাখ্যায় বিএসসিপিএলসি’র প্রতিবাদ
১২ মে, ২০২৬ ১০:৪৬  

দেশের ইন্টারনেট অবকাঠামো ও সাবমেরিন ক্যাবল সক্ষমতা নিয়ে প্রচারিত একটি সংবাদকে “প্রযুক্তিগতভাবে ভুল ও বিভ্রান্তিকর” উল্লেখ করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি। প্রতিষ্ঠানটি বলছে, দেশের আন্তর্জাতিক ব্যান্ডউইথ সক্ষমতা, রেড সি রুট এবং সি-মি-উই ক্যাবল নেটওয়ার্ক নিয়ে প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং এতে জনমনে অযথা উদ্বেগ তৈরির চেষ্টা করা হয়েছে। 

প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে তাদের মোট আন্তর্জাতিক ব্যান্ডউইথ সক্ষমতা ৭,২০০ জিবিপিএস, যার মধ্যে মাত্র ১০০ জিবিপিএস রেড সি রুটের ওপর নির্ভরশীল। বাকি ৭,১০০ জিবিপিএসের মধ্যে সিঙ্গাপুরে ৬,০০০ জিবিপিএস এবং চেন্নাইয়ে ১,১০০ জিবিপিএস সংযোগ রয়েছে, যা হরমুজ বা বাব আল-মান্দেব প্রণালীর ওপর নির্ভরশীল নয়। ফলে ভূ-রাজনৈতিক সংকটে বাংলাদেশ “ডিজিটাল অন্ধকারে” পড়বে—এমন আশঙ্কাকে প্রযুক্তিগতভাবে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। 

বিএসসিপিএলসি আরও জানায়, দেশের অন্যতম আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলসি-মি-উই ৫ বর্তমানে পূর্ণ সক্ষমতায় পৌঁছেনি। ক্যাবলটির মোট লিট-আপ ক্যাপাসিটি ২,২০০ জিবিপিএস হলেও এর মধ্যে ব্যবহৃত হচ্ছে ১,৪৮৮ জিবিপিএস। অর্থাৎ এখনও ৭১২ জিবিপিএস অব্যবহৃত সক্ষমতা রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে ক্যাপাসিটি আপগ্রেডের সুযোগও আছে বলে জানিয়েছে সংস্থাটি। 

এছাড়া পুরোনো হওয়ায় সি-মি-উই ৪ অকার্যকর হয়ে পড়েছে—এমন দাবিও নাকচ করেছে প্রতিষ্ঠানটি। তাদের তথ্য অনুযায়ী, ক্যাবলটির বর্তমান সক্ষমতা ৪,৬৫০ জিবিপিএস এবং এর মাধ্যমে প্রায় ২,৫৯৫ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করা হচ্ছে। কনসোর্টিয়াম কর্তৃক এর কার্যকাল ২০৩০ সাল পর্যন্ত নির্ধারিত রয়েছে এবং প্রয়োজনে তা আরও বাড়ানো সম্ভব। 

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, রেড সি অঞ্চলে কোনো সমস্যা তৈরি হলেও সিঙ্গাপুর হাব সরাসরি অকার্যকর হয়ে যাবে—এমন ধারণাও সঠিক নয়। একইভাবে শুধুমাত্র সিঙ্গাপুরমুখী একটি নতুন বেসরকারি সাবমেরিন ক্যাবল যুক্ত হলেই দেশের ইন্টারনেট ঝুঁকি পুরোপুরি কেটে যাবে—এমন বক্তব্যকেও “অপপ্রচার” হিসেবে উল্লেখ করেছে বিএসসিপিএলসি। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ ট্রাস্টেড সাবমেরিন ক্যাবল ইকোসিস্টেম হিসেবে সি-মি-উই ৪, সি-মি-উই ৫ এবং সি-মি-উই ৬–এর মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ বজায় রেখেছে। জাতীয় তথ্য অবকাঠামোর নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়। 

ডিবিটেক/এসএস/ইকে