বিটিআরসিতে চলছে দিনব্যাপী কর্মশালা

টেলিযোগাযোগ অবকাঠামো ভাগাভাগিতে গুরুত্বারোপ

বিটিআরসিতে চলছে দিনব্যাপী কর্মশালা
৩০ এপ্রিল, ২০২৬ ১১:০২  

রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ অবকাঠামো ভাগাভাগি জোরদার এবং ব্যয়-সাশ্রয়ী নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে খাত সংশ্লিষ্টদোর নিয়ে চলছে গুরুত্বপূর্ণ কর্মশালা। দিনব্যাপী এই কর্মশালায় দেশের টেলিযোগাযোগ খাতের নীতিনির্ধারক, মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি, এনটিটিএন, আইএসপি এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেয়েছেন। তারা টেলিকম নেটওয়ার্ক সম্প্রসারণ ব্যয় সাশ্রয়, নেটওয়ার্কের অ্যাকটিভো ও প্যাসিভ শেয়ারিং, প্রান্তিক পর্যায়ে ফাইভ-জি প্রস্তুতি ও পলিসি নিয়ে আলোচনা করছেন।

অনুষ্ঠানের শুরুতে বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনার প্রেক্ষাপট তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী দেশের টেলিযোগাযোগ খাতকে টেকসই ও আধুনিক করার ওপর বিশেষ জোর দেন।

তিনি বলেন, দেশের টেলিযোগাযোগ খাতকে টেকসই ও ভবিষ্যৎমুখী করতে অবকাঠামো ভাগাভাগির বিকল্প নেই। একই এলাকায় একাধিক অবকাঠামো নির্মাণ ব্যয় বাড়ায় ও সম্পদের অপচয় ঘটায়, যা কমাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও বলেন, পঞ্চম প্রজন্মের সেবা চালুর প্রস্তুতি, গ্রামীণ এলাকায় সংযোগ সম্প্রসারণ এবং ডিজিটাল বৈষম্য কমাতে সক্রিয় ও নিষ্ক্রিয় অবকাঠামো ভাগাভাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মশালার প্রথম অধিবেশনে নীতি ও নিয়ন্ত্রক কাঠামো নিয়ে বিস্তারিত আলোকপাত করছেন বক্তারা। এতে বিটিআরসির উপপরিচালক এস এম গোলাম সরোয়ার বিদ্যমান অবকাঠামো ভাগাভাগি নির্দেশিকা উপস্থাপন করেন।

এরপর বিটিআরসির মহাপরিচালক ভবিষ্যৎ টেলিযোগাযোগ অবকাঠামো ভাগাভাগির দিকনির্দেশনা তুলে ধরবেন। এডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড প্রপার্টি ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ মনোয়ার সিকদার আন্তর্জাতিক সেরা চর্চাগুলো ব্যাখ্যা করবেন এবং ফাইবার অ্যাট হোম লিমিটেডের প্রধান তথ্য কর্মকর্তা সুমন আহমেদ সাবিরের লাইসেন্সিং ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

পরবর্তী প্যানেল আলোচনায় শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞরা। এতে বিটিআরসির পরিচালক ড. মো. সোহেল রানা, গ্রামীণফোন লিমিটেডের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন, সিডনেট কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশিউর রহমান এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও প্রকিউরমেন্ট) মো. গোলাম সরোয়ার অংশ নিয়েছেন। তারা সক্রিয় ও নিষ্ক্রিয় শেয়ারিং, ফাইবার নেটওয়ার্কের পুনরাবৃত্তি রোধ, গ্রামীণ এলাকায় ব্যয় অপ্টিমাইজেশন এবং টাওয়ার শেয়ারিংয়ের অর্থনীতি নিয়ে বিস্তারিত মতামত দেবেন।

দ্বিতীয় প্যানেল আলোচনায় অবকাঠামো ভাগাভাগির বাস্তব সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক মো. নুরন্নবী, বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এফ এম রাশেদ আমিন, কির্তনখোলা টাওয়ার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ এবং আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। এরপর শেষ অধিবেশনের উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নীতিনির্ধারণী সুপারিশ তুলে ধরবেন গ্রামীণফোন লিমিটেডের সিনিয়র ডিরেক্টর আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন ও বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এফ এম রাশেদ আমিন।

দিনব্যাপী এই কর্মশালায় প্রায় একশ ত্রিশজন অংশগ্রহণকারীর উপস্থিতিতে আয়োজকরা জানান, এখান থেকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে অবকাঠামো ভাগাভাগি নীতিমালা হালনাগাদ, মূল্য নির্ধারণে ঐকমত্য এবং পঞ্চম প্রজন্মের অবকাঠামো রোডম্যাপ প্রণয়ন করা হবে।

বিকেলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক সমাপনী বক্তব্য দেবেন। সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ দেশের টেলিযোগাযোগ খাতকে আরও সমন্বিত, দক্ষ ও টেকসই করে তুলবে।

ডিবিটেক/আইএইচ/এমইউএম