বাইকারদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ চালু করলো উবার

বাইকারদের জন্য  ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ চালু করলো উবার
২৫ মার্চ, ২০২৬ ১৩:১৫  

বাংলাদেশের বাইক চালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ প্ল্যান চালু করেছে উবার।  এই প্লানে নিজেদের সুবিধা অনুযায়ী সাবস্ক্রিপশন বেছে নিয়ে প্ল্যাটফর্মে ট্রিপ নিতে পারবেন বাইক চালকরা।

ফুল‑টাইম ও পার্ট‑টাইম উভয় চালকের জন্যই ডিজাইন করা এই মডেলটি চালকদের নমনীয়তা বাড়িয়ে অফ‑অ্যাপ ট্রিপ কমাতে এবং অ্যাপভিত্তিক সেবা বাড়ানোর সুযোগ সৃষ্টি করবে। নতুন এই প্লান রাইডারদের অফলাইনে ট্রিপ নেওয়ার প্রবণতা কমিয়ে আনবে এবং যাত্রীদের জন্য সেবার মান আরও উন্নত করবে বলে মনে করছে উবার বাংলাদেশ। 

২৫ মার্চ, বুধবার উবার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, নতুন সাবস্ক্রিপশনে চালকরা শূন্য শতাংশ কমিশনে ট্রিপ দিতে পারবেন, ফলে উপার্জনের পুরো অংশই তাদেরই থাকবে—বিশেষ করে পার্ট‑টাইম চালকদের জন্য এটি আয়ের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। উবারের অভিজ্ঞতা অনুযায়ী ২০২৩ সালে ঢাকায় চালু সাবস্ক্রিপশন থেকে পাওয়া পাঠের ওপর ভিত্তি করে এই হাইব্রিড মডেল আনা হয়েছে।

উবার বাংলাদেশ কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল এ বিষয়ে বলেন, চালকদের কাজের স্বাধীনতা বাড়ানো এবং অ্যাপভিত্তিক ট্রিপ বাড়ালে যাত্রীদের নিরাপত্তাও নিশ্চিত হবে। কোম্পানি বলছে, নতুন ফিচারের মাধ্যমে ঢাকার হাজার হাজার উবার বাইক চালকের জন্য প্ল্যাটফর্ম আরও লাভজনক ও নির্ভরযোগ্য হবে।

ডিবিটেক/ইএইচএম/এমইউএম