সহজ লিমিটেডের প্রযুক্তিতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৪ বাসে ই-টিকিটিং

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু

  • নারী যাত্রীদের ভ্রমণ সুসংগঠিত করতে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিসে পিওএস নির্ভর ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে সহজ লিমিটেড।
  • ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত ১৪টি বাসে এই ই-টিকিট সেবা পাওয়া যাবে।
  • তেজগাঁও বিআরটিসি ডিপোতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু
২৩ আগষ্ট, ২০২৬ ১০:৫৩  

নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, সুশৃঙ্খল ও আধুনিক করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর ‘মহিলা বাস’ বা ‘পিংক বাস’ সার্ভিসে ডিজিটাল ই-টিকিটিং কার্যক্রম চালু করা হয়েছে। দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সহজ লিমিটেড’-এর কারিগরি সহযোগিতায় এই সেবা চালু করা হয়।

২৩ আগস্ট, রবিবার, এক সংবদা বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানীর তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে সম্প্রতি অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে এই ই-টিকিটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় পরিচালিত মোট ১৪টি মহিলা বাসে এই সার্ভিস চালু করা হয়েছে। বাসে ওঠার পর নারী যাত্রীরা পয়েন্ট অব সেলস (POS) মেশিনের মাধ্যমে দ্রুত ডিজিটাল টিকিট সংগ্রহ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লার সভাপতিত্বে সংস্থাটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ই-টিকিটিং অংশীদার হিসেবে সহজ লিমিটেড সম্পূর্ণ প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়ন সহযোগিতা দিচ্ছে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সহজের বিশেষজ্ঞ দল ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে কন্ডাক্টরদের হাতে-কলমে পিওএস (POS) মেশিন পরিচালনা ও টিকিট ইস্যুর প্রশিক্ষণ দিয়েছে। এই উদ্যোগের ফলে ভাড়া আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি নারীদের জন্য গণপরিবহনে স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
//ডিবিটেক/ইএইচএম/এমআইএস//