গবেষণার ব্যয় মেটাতে আর্থিক সহায়তা

নোবিপ্রবিতে গবেষণায় বিশেষ অনুদান পাচ্ছেন শিক্ষার্থীরা

  • স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের গবেষণায় সহায়তা দেবে বিশ্ববিদ্যালয়
  • তথ্য সংগ্রহ, যাতায়াত, মুদ্রণসহ আনুষঙ্গিক ব্যয় মেটানো যাবে
  • তালিকা জমার শেষ সময় ২৬ নভেম্বর

নোবিপ্রবিতে গবেষণায় বিশেষ অনুদান পাচ্ছেন শিক্ষার্থীরা
১৪ নভেম্বর, ২০২৬ ১৯:৫১  

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় আর্থিক সীমাবদ্ধতা কমাতে বিশেষ অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। গবেষণা প্রকল্প, থিসিস ও অন্যান্য একাডেমিক প্রজেক্টে যুক্ত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, যাতায়াত, প্রতিবেদন তৈরি, মুদ্রণ ও বাঁধাইসহ প্রয়োজনীয় ব্যয় নির্বাহে এ সহায়তা দেওয়া হবে।

এ উদ্যোগ বাস্তবায়নের প্রাথমিক ধাপে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের গবেষণায় যুক্ত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে নোবিপ্রবি রিসার্চ সেল। এ লক্ষ্যে গত ১২ নভেম্বর রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরে একটি নোটিশ জারি করা হয়।

নোটিশে শিক্ষার্থীদের নাম, গবেষণার শিরোনাম, রোল নম্বর, মোবাইল নম্বর এবং সুপারভাইজারের নামসহ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষর ও সিলমোহরসহ তালিকাটি আগামী ২৬ নভেম্বরের মধ্যে রিসার্চ সেল কার্যালয়ে জমা দিতে হবে। তালিকার হার্ডকপির পাশাপাশি সফটকপিও পাঠাতে হবে। সফটকপি ইংরেজিতে প্রস্তুত করে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগের চেয়ারম্যানকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

রিসার্চ সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অনেক স্নাতক পর্যায়ের শিক্ষার্থী গবেষণায় আগ্রহী হলেও অর্থের অভাবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ বিভিন্ন কাজ সম্পন্ন করতে সমস্যায় পড়েন। গবেষণার তথ্য সংগ্রহ, মুদ্রণ ও বাঁধাইয়ের মতো কাজেও তাঁদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। এসব আর্থিক সীমাবদ্ধতা কমিয়ে শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেটের ৮৫ শতাংশ বিএসসি, এমএসসি ও ফেলোশিপ পর্যায়ের গবেষণার জন্য বরাদ্দ রাখার বিধান রয়েছে। শিক্ষার্থীদের গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা বাড়াতে রিসার্চ সেল কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ইউজিসির নির্দেশনা অনুযায়ী আগে মূলত স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার জন্য এ ধরনের বরাদ্দ রাখা হতো। তবে বর্তমানে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও বিভিন্ন গবেষণা ও প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাঁদের গবেষণা যেন অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, যারা সরাসরি গবেষণা বা প্রকল্পের সঙ্গে যুক্ত, তারাই এ সুবিধার আওতায় আসবেন। অনুদানের অর্থ দিয়ে গবেষণার তথ্য সংগ্রহ, যাতায়াত, প্রতিবেদন টাইপিং এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করা যাবে। আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন গবেষণা থেকে পিছিয়ে না পড়েন, সেটিই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।

//ডিবিটেক/সামিয়া হোসেন মুনিয়া/ডিইএসসি//এফওইডি///