এক কোটি টাকার পুরস্কার
কালিয়াকৈরে দেশের প্রথম ইনোভেশন স্টার্টআপ হাব
* আইডিয়া ও স্টার্টআপ—দুই বিভাগে প্রতিযোগিতা
* বিজয়ীদের জন্য মোট এক কোটি টাকা পুরস্কার
* তরুণ উদ্যোক্তারা পাবেন মেন্টরশিপ ও বিনিয়োগকারীদের সংযোগ
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে আত্মপ্রকাশ করেছে দেশের প্রথম ইনোভেশন স্টার্টআপ হাব। তরুণ উদ্ভাবক ও প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তাদের ধারণাকে ব্যবসায় রূপ দিতে এক কোটি টাকা পুরস্কারের ‘ইএটিএল ইনোভেশন হাব স্টার্টআপ পিচ কনটেস্ট ২০২৬’ শুরু হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিক ধারণা থেকে বিকাশমান স্টার্টআপ—দুই পর্যায়ের উদ্যোক্তাদের মেন্টরশিপ, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং জাতীয় পর্যায়ে নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ তৈরি হবে।
১৪ নভেম্বর, শনিবার বিকেলে কালিয়াকৈর হাইটেক পার্কে জমকালো আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে থাকায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর অনুপস্থিতিতে কনফেটি উড়িয়ে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।
আইসিটি বিভাগ, বিশ্বব্যাংক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এ ইনোভেশন হাবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএটিএল ইনোভেশন হাবের পরিচালক নাফিসা খান। অনুষ্ঠানে কানাডার নোভা ল্যাবসের প্রতিষ্ঠাতা নাফিউর মোহাম্মদ এবং দুবাইভিত্তিক স্টার্টআপ আলফাহানের প্রতিষ্ঠাতা রুম্মান চৌধুরী তাঁদের প্রযুক্তিনির্ভর উদ্যোগ তুলে ধরেন।
ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হাই, আইসিটি বিভাগের অধীন ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, বিশ্বব্যাংকের প্রাইড প্রকল্পের টিম লিডার ও জ্যেষ্ঠ বেসরকারি খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস সুমি, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. মোখতার আলী এবং ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।
বক্তারা বলেন, দেশের তরুণদের বাস্তব সমস্যার সমাধানে উদ্যোগী করে তুলতে পারলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে মেধা ও দক্ষ জনশক্তির বিদেশমুখী প্রবণতা কমিয়ে ‘ব্রেইন ড্রেইন’ থেকে ‘ব্রেইন গেইন’-এর পথে এগোতে পারবে বাংলাদেশ। উদ্ভাবনী ধারণাকে কার্যকর ব্যবসায় রূপ দিতে সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক অংশীজনদের সহযোগিতা বাড়ানোর ওপরও তাঁরা গুরুত্ব দেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতাটি দুটি বিভাগে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ের উদ্ভাবনী ধারণার জন্য ‘আইডিয়া কনটেস্ট’ বিভাগে পুরস্কার ২৫ লাখ টাকা। এ বিভাগে চ্যাম্পিয়ন পাবেন ১০ লাখ টাকা, প্রথম রানারআপ ৫ লাখ এবং দ্বিতীয় রানারআপ ৩ লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীদের মধ্যে মোট ৪ লাখ টাকা এবং ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের মধ্যে ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
অন্যদিকে, প্রতিষ্ঠিত ও বিকাশমান স্টার্টআপের জন্য ‘স্টার্টআপ কনটেস্ট’ বিভাগে পুরস্কার ৭৫ লাখ টাকা। এ বিভাগে চ্যাম্পিয়ন পাবেন ৩০ লাখ টাকা, প্রথম রানারআপ ২০ লাখ এবং দ্বিতীয় রানারআপ ১০ লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীদের মধ্যে ১০ লাখ টাকা এবং ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের মধ্যে ৫ লাখ টাকা বিতরণ করা হবে। দুই বিভাগ মিলিয়ে মোট পুরস্কার এক কোটি টাকা।
ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে সঠিক দিকনির্দেশনা, প্রযুক্তিগত সহায়তা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করা গেলে তারা শুধু চাকরিপ্রার্থী হয়ে থাকবে না; বরং ভবিষ্যতের কর্মসংস্থান সৃষ্টিকারী ও বৈশ্বিক উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে। ইএটিএল ইনোভেশন হাবের মূল লক্ষ্য একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে প্রতিটি সম্ভাবনাময় ধারণা সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ নিতে পারে।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স ও উদীয়মান প্রযুক্তি কাজে লাগিয়ে সমাজের বাস্তব সমস্যার কার্যকর সমাধান খোঁজার ওপর এ উদ্যোগে গুরুত্ব দেওয়া হয়েছে।
কানাডাভিত্তিক নোভা ল্যাবসের সহপ্রতিষ্ঠাতা নাফিউ ওসি ওয়ারেখুয়া মোহাম্মদ অনুষ্ঠানে ইনোভেশন হাবের সামগ্রিক রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতের অগ্রযাত্রায় ইএটিএলের সঙ্গে কাজ করবে নোভা ল্যাবস। প্রতিষ্ঠানটি একটি সমন্বিত প্রযুক্তি-সেবা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
নাফিউর উদাহরণ দিয়ে বলেন, স্কেল এআই শুরুতে স্বয়ংচালিত গাড়ির জন্য ছবি ও পাঠ্য উপাত্ত লেবেলিংয়ের কাজ করলেও পরে বড় এআই গবেষণাগারগুলোর জন্য বিশেষজ্ঞভিত্তিক কাজ, উত্তর মূল্যায়ন এবং মডেল পরীক্ষার সেবা দিয়েছে। উপাত্ত লেবেলিংয়ের সঙ্গে বিশেষজ্ঞ সেবা যুক্ত করার এই মডেল কাজে লাগিয়ে নোভা ল্যাবস ঢাকাকে ভিত্তি করে বিশ্বমানের প্রযুক্তিসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
বিশ্বব্যাংকের প্রাইড প্রকল্পের টিম লিডার ও জ্যেষ্ঠ বেসরকারি খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস সুমি বলেন, বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে সহায়তা করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবে। কর্মসংস্থান সৃষ্টি এখন বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিকভাবেও অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে উদ্যোক্তা তৈরি এবং স্টার্টআপগুলোকে সার্বিক সহায়তা দেওয়া কার্যকর উপায়।
তিনি জানান, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির পাশাপাশি দেশীয় বিনিয়োগকারী এবং ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলোও স্টার্টআপ খাতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। তবে এ খাতকে আরও গতিশীল করতে শক্তিশালী ও কার্যকর অর্থায়ন পাইপলাইন গড়ে তোলা প্রয়োজন। স্থানীয় উদ্যোক্তাদের আন্তর্জাতিক মানে উন্নীত করতে দেশে বিশ্বমানের অ্যাক্সিলারেটর কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে। এসব কর্মসূচি উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য ও পরবর্তী পর্যায়ের সম্প্রসারণে সহায়তা করবে।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা অভিজ্ঞ মেন্টরদের দিকনির্দেশনা এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের প্ল্যাটফর্মে নিজেদের ধারণা উপস্থাপন করে সেগুলোকে বাস্তব ব্যবসায় রূপ দেওয়ার সুযোগও তৈরি হবে।
আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীন ডিইআইইডি প্রকল্প প্রতিযোগিতাটির সহ-আয়োজক। অ্যাসোসিয়েশন পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো। জাতীয় বিশ্ববিদ্যালয় কৌশলগত একাডেমিক অংশীদার এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কৌশলগত ও ইকোসিস্টেম অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। স্কিলস পার্টনার হিসেবে রয়েছে আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল (আইসিটি আইএসসি)। এ ছাড়া বিশ্বব্যাংকও আয়োজনটির সঙ্গে যুক্ত।
ইএটিএল ইনোভেশন হাব কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস (আইওটি), অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চ্যুয়াল রিয়েলিটির মতো উদীয়মান প্রযুক্তি নিয়ে কাজ করে। এসব প্রযুক্তিতে দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি টেকসই উদ্ভাবন ও স্টার্টআপ পরিবেশ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য।
//ডিবিটেক/আইএইচ/এসসিডিই/এফওইডি//





