পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ পদক্ষেপ নোবিপ্রবির

পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ পদক্ষেপ নোবিপ্রবির
২৫ মার্চ, ২০২৬ ১৪:৪৮  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৫‑২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের যাতায়াত, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে একগুচ্ছ প্রস্তুতি নিয়েছে।

সিদ্ধান্ত গ্রহণ ও প্রকাশে ২৫ মার্চ, বুধবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম এবং কনফারেন্স রুমে পৃথকভাবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব বিষয়ে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রথমে শিক্ষক, কর্মকর্তা‑কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উপাচর্য জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের বাসগুলো পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং চৌমুহনী ও সোনাপুরে যানজট এড়াতে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে; অতিরিক্ত ভাড়া আদায় রোধে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভর্তিচ্ছু ও অভিভাবকদের আকস্মিক স্বাস্থ্যঝুঁকি এড়াতে শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারের ডাক্তার, ভিজিল্যান্স টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে। কেন্দ্রসমূহে শান্তি‑শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে; নোবিপ্রবি বিএনসিসি, রোভার স্কাউট ও শিক্ষার্থী প্রতিনিধি সহায়ক টিম হিসেবে কাজ করবে। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গুচ্ছ ভর্তি সময়সূচি অনুযায়ী সি ইউনিট পরীক্ষা ২৭ মার্চ, বি ইউনিট ৩ এপ্রিল এবং এ ইউনিট ১০ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ডিবিটেক/ডিসিও/ইকে