১০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করবে হুন্দাই

১০ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করবে হুন্দাই
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:৫১  

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা হুন্দাই মোটর গ্রুপ দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল সামানগিউমে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে যাচ্ছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সরাসরি সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, আগামী পাঁচ বছরে সামানগিউম অঞ্চলে প্রায় ১০ ট্রিলিয়ন ওন (৭ বিলিয়ন ডলার) বিনিয়োগের পরিকল্পনা করছে হুন্দাই। আরেকটি সূত্র জানিয়েছে, এই বিনিয়োগের আওতায় রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার এবং হাইড্রোজেন জ্বালানি অবকাঠামো স্থাপন করা হবে।

এই বিনিয়োগের খবরে বুধবার সিউলের বাজারে হুন্দাই মোটরের শেয়ারের দর ১০ দশমিক ৫ শতাংশ এবং এর অঙ্গপ্রতিষ্ঠান কিয়ার শেয়ার ১৫ শতাংশ বেড়েছে।

এর আগে গত নভেম্বরেই হুন্দাই ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় মোট ১২৫ দশমিক ২ ট্রিলিয়ন ওন বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। সেই সময় হুন্দাইয়ের নির্বাহী চেয়ার চুং ইশুয়ান নবায়নযোগ্য জ্বালানি সমৃদ্ধ এই উপকূলীয় অঞ্চলটিকে ‘হাইড্রোজেন ও এআই সিটি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

এই বিনিয়োগ পরিকল্পনা আসছে হুন্দাই সম্প্রতি এনভিডিয়ার কাছ থেকে ৫০ হাজার এআই চিপ কেনার চুক্তি করার পর। গত অক্টোবরে ঘোষিত ওই চুক্তির আওতায় ‘এআই ফ্যাক্টরি’ স্থাপন করে যানবাহনের এআই, স্বায়ত্তশাসিত ড্রাইভিং, স্মার্ট কারখানা ও রোবটিকসের উন্নয়ন ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে হুন্দাইয়ের।

মানবসদৃশ রোবট নির্মাতা প্রতিষ্ঠান বোস্টন ডায়নামিক্সের মালিক হুন্দাই মোটর গ্রুপ জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে বার্ষিক ৩০ হাজার রোবট ইউনিট উৎপাদন সক্ষমতা অর্জন তাদের লক্ষ্য।

ডিবিটেক/বিএমটি