নির্মাণ, বিদ্যুৎ ও পানিতে উদ্ভাবন

রাজধানীতে শেষ হলো ছয়টি আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী

  • আইসিসিবিতে নির্মাণ, বিদ্যুৎ ও পানির ছয়টি প্রদর্শনী সম্পন্ন
  • ২০টির বেশি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেয়
  • পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬

রাজধানীতে শেষ হলো ছয়টি আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী
১৪ নভেম্বর, ২০২৬ ১৭:৪৯  

আধুনিক নির্মাণপ্রযুক্তি, নবায়নযোগ্য সৌরশক্তি এবং স্মার্ট পানি ব্যবস্থাপনার সর্বাধুনিক উদ্ভাবনগুলোকে এক ছাদের নিচে তুলে ধরার মধ্য দিয়ে দেশে শিল্প ও অবকাঠামো খাতের প্রযুক্তিগত রূপান্তর গতিশীল হচ্ছে। ১৪ নভেম্বর, শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী সমাপ্ত হয়েছে। গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশি-বিদেশি প্রতিষ্ঠান, উদ্যোক্তা, পেশাজীবী, বিনিয়োগকারী ও দর্শনার্থীরা অংশ নেন।

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত প্রদর্শনীগুলোর মধ্যে ছিল ৩১তম বিল্ড সিরিজের আওতায় ৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী ও ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬; ২৮তম পাওয়ার সিরিজের আওতায় ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬।

এর আগে ১২ নভেম্বর আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

প্রদর্শনীগুলোর মধ্যে নির্মাণ ও আবাসন খাতে আধুনিক নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, নির্মাণপ্রযুক্তি, ইন্টেরিয়র, লিফট, এইচভিএসি এবং স্যানিটারি পণ্য প্রদর্শিত হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সৌর প্যানেল, মডিউল, ব্যাটারি, ইনভার্টার, কনভার্টার, মাউন্টিং সিস্টেম, এলইডি ও স্মার্ট লাইটিং প্রযুক্তি ছিল অন্যতম আকর্ষণ। অন্যদিকে, ৮ম ওয়াটার বাংলাদেশ এক্সপোতে পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ এবং স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টের প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হয়।

এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান পাঁচ শতাধিক বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়নের মাধ্যমে অংশ নেয়। বিল্ড সিরিজে লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, জুমলায়ন, এস. এস. লিমিটেড, রহিম স্টিল, একেএস, আকিজ ইলেকট্রনিকস এবং শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের প্যাভিলিয়ন অংশ নেয়।

এছাড়া পাওয়ার সিরিজে ওমেরা, হুয়াওয়ে, রহিম আফরোজ, সিমেন্স, পিডিএল, এসিআই, ওয়ালটন, ফকির টেকনোলজিস, ইউসিসি, আইকন সোলার, গ্রামীণ সোলার, ওরবেট গ্রিন ও ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং অংশগ্রহণ করে।

একই সময়ে ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে আর্কিকানেক্ট ও সেমস-গ্লোবালের যৌথ আয়োজনে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে বিশেষায়িত মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ প্যানেল আলোচনা, ডেল্টা অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রকল্পের উপস্থাপনা এবং স্থাপত্যবিষয়ক বই ও প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এর আগে গত ১০ নভেম্বর, মঙ্গলবার আইসিসিবির ২ নম্বর হলে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কৌশলগত অংশীদারিত্বে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার ২০২৬’-এর গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়।

//ডিবিটেক/কেইউপিআর/এসসিডিই/এফওইডি//