৮০ ক্যামেরায় নজরদারি, এআই ব্যবহারের পরিকল্পনা

প্রযুক্তিনির্ভর নিরাপত্তা বলয়ে মোহাম্মদপুর

  • ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের ক্যামেরা স্থাপন
  • এক বছরে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা
  • অপরাধ শনাক্তে এআই, ট্রাফিক নিয়ন্ত্রণে ভিডিও প্রসিকিউশন চালুর উদ্যোগ

প্রযুক্তিনির্ভর নিরাপত্তা বলয়ে মোহাম্মদপুর
১৪ নভেম্বর, ২০২৬ ১৮:০৮  

ঢাকার মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকায় অপরাধ প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৮০টি উচ্চ রেজল্যুশনের সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে ক্যামেরার সংখ্যা কয়েকশতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

১৪ নভেম্বর, শনিবার রাজধানীর মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারি এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী জানান, অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে প্রযুক্তির কার্যকর ব্যবহার, পরিকল্পিত নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, মোহাম্মদপুর ও ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে নিরাপদ, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে বসিলা চৌরাস্তা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, আসাদগেটসহ গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে নজরদারি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। ১৫টি কৌশলগত স্থানে বসানো ৮০টি ক্যামেরার মধ্যে উচ্চ রেজল্যুশন ও জুম সুবিধা রয়েছে।

অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি

কোন এলাকায় অপরাধের প্রবণতা বেশি এবং কোথায় অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে, তা চিহ্নিত করতে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতায় অপরাধপ্রবণ স্থানগুলোর তালিকা তৈরি করা হয়েছে। মোহাম্মদপুর, আদাবর ও আশপাশের থানা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব স্থানে ক্যামেরা বসানো হয়েছে।

জেনেভা ক্যাম্পের প্রবেশপথগুলোতেও বিশেষায়িত গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জুলাই স্মৃতি জাদুঘরে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহায়তা পেয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, নজরদারি নেটওয়ার্কের আওতা বাড়ানোর পাশাপাশি এলাকার দায়িত্বশীল ব্যক্তিদের সম্পৃক্ত করে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এ লক্ষ্যে ঢাকা-১৩ সংসদীয় এলাকাকে ৭০টি মহল্লায় ভাগ করে মহল্লাভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমিটিতে মসজিদ ও মন্দির কমিটি, মার্কেট কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তবে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সবার জন্য উন্মুক্ত করা হবে না। সংশ্লিষ্ট থানা, ট্রাফিক বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত মহল্লা কমিটির নির্ধারিত প্রতিনিধিরা প্রয়োজন অনুযায়ী এসব ফুটেজ ব্যবহারের সুযোগ পাবেন।

এ ছাড়া প্রতিটি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের উৎসাহিত করা হচ্ছে। এসব ক্যামেরাকেও সমন্বিত নজরদারি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এআই দিয়ে সন্দেহজনক কর্মকাণ্ড শনাক্ত

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, বিপুলসংখ্যক ক্যামেরার ফুটেজ একসঙ্গে পর্যবেক্ষণ করা পুলিশের জন্য কঠিন হয়ে উঠতে পারে। এ কারণে এআই-নির্ভর প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট থানা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কাছে সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা গড়ে তোলা হবে।

মোহাম্মদপুর ও ঢাকা-১৩ এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, সমন্বিত সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং পুলিশের নিয়মিত তৎপরতার ফলে কয়েকটি অপরাধপ্রবণ স্থানে ছিনতাইয়ের ঘটনা শূন্যের কোঠায় নেমে এসেছে। তবে কিছু বিচ্ছিন্ন স্থানে এখনো অপরাধের প্রবণতা রয়েছে। এসব স্থান চিহ্নিত করে অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট থানাগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পুলিশের টহল বৃদ্ধি, জনবল ও লজিস্টিক সক্ষমতা বাড়ানো এবং থানা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করাও জরুরি। মোহাম্মদপুর থানার বিস্তীর্ণ এলাকার কারণে এক স্থান থেকে অন্য স্থানে পুলিশের দ্রুত পৌঁছাতে সময় লাগে। এ সমস্যা সমাধানে অতিরিক্ত টহল গাড়ি ও প্রয়োজনীয় পুলিশি সক্ষমতা বাড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

পাশাপাশি এলাকার বড় ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, হাসপাতাল ও মার্কেট কর্তৃপক্ষের সহযোগিতায় স্থানীয় নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা

নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যানজট কমাতে প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। শিয়া মসজিদ, আসাদগেট এবং ধানমন্ডি ২৭ নম্বর আই হসপিটাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু রয়েছে।

আগামী দুই মাসের মধ্যে ডিআরএমসি স্কুলের পশ্চিম গেট, নূরজাহান রোড এবং শম্পা মার্কেটের প্রবেশপথসহ আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ঢাকা-১৩ এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ডিএমপির ট্রাফিক বিভাগ নিয়মিত সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সলিমুল্লাহ রোড থেকে শিয়া মসজিদ, শম্পা মার্কেট থেকে স্কয়ার হাসপাতাল, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বসিলা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।

অবৈধ পার্কিং, যত্রতত্র যানবাহন থামানো এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভিডিও প্রসিকিউশন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণে সামাজিক উদ্যোগ

কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অপরাধ সংঘটনের পর অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি অপরাধ সৃষ্টির সামাজিক ও অর্থনৈতিক কারণগুলোও দূর করতে হবে। এ জন্য তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের সুযোগ সৃষ্টি জরুরি।

এ লক্ষ্যে বসিলা ও বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকার উন্নয়ন ও পুনর্বাসন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি বিজিএমইএ, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হচ্ছে। বসিলা পলিটেকনিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষাগত ও দক্ষতা উন্নয়ন উদ্যোগ নিয়েও পরিকল্পনা এগিয়ে চলছে।

বিহারি ক্যাম্পের মাদক সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ক্যাম্পের প্রবেশ ও বহির্গমন পথগুলো সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশকেও বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এসব এলাকার সামাজিক ও অর্থনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিরাপদ মোহাম্মদপুর ও সুশৃঙ্খল ঢাকা-১৩ গড়ে তুলতে জনপ্রতিনিধি, পুলিশ, স্থানীয় জনগণ, ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “আমাদের অঙ্গীকার, নিরাপদ মোহাম্মদপুর, সুশৃঙ্খল ঢাকা-১৩। নাগরিকের নিরাপত্তা ও স্বস্তিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত নজরদারি, কার্যকর সমন্বয় এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে আমরা এই এলাকাকে আরও নিরাপদ করে তুলতে চাই।”

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগ, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রতিনিধিসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এমটিএমপিএস/এসসিডিই/এফওইডি//