প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দিয়ে ভোটের আাগে দেয়া ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করবে সরকার। এ জন্য মন্ত্রিসভার সব সদস্যদের দু–একদিনের মধ্যে তাদের পরিকল্পনা প্রধানমন্ত্রীকে জানাতে বলা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি, বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে প্রথম বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়েছে।
বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু হয়। এরপর সচিবদের সঙ্গে বৈঠক করেন নতুন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার উপস্থিত সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো তুলে ধরেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সবাইকে পরামর্শ দিয়েছেন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, ইফতার, তারাবিতে যেন বিদ্যুতের কোনো কষ্ট না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীরা কর্মপরিকল্পনা দু-এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং পরে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্ত্রী জহির উদ্দিন বলেন, ‘দলের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এই কর্মসূচি শুধু বিএনপির ছিল না, গণতান্ত্রিক রাজনৈতিক সকল দল এর সঙ্গে যুক্ত ছিল।... অগ্রাধিকারের ভিত্তিতে ১৮০ দিনের একটি কর্মসূচি গ্রহণ করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের অগ্রাধিকারের রয়েছে প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, পণ্য সরবরাহ চেইন ঠিক রাখা এবং জ্বালানি খাতে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়; গ্যাস এবং বিদ্যুতের দিকে বা লক্ষ্য রাখা- এসব বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।
এছাড়াও বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জনগণের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয় কীভাবে কাজ করবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। বিএনপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো মনে রেখে মন্ত্রণালয়গুলোকে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
ডিবিটেক/আইএইচ/এসএম







