প্যারেন্টিং অ্যাপের উদ্যোগে থাকছে পরিবার ও শিশুদের উৎসব

উত্তরায় তিন দিনের ‘টগুমগু শরৎ মেলা’ শুরু ১৫ অক্টোবর

  • ১৫ থেকে ১৭ অক্টোবর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে প্রদর্শনী ও মেলা
  • কেনাকাটার পাশাপাশি পাপেট শো, ম্যাজিক শো, ক্রাফটিং ওয়ার্কশপ ও ফ্রি মুভি প্রদর্শনী
  • উত্তরার ১২ নম্বর সেক্টরের টগুমগু প্যারেন্টিং হাবে পরিবারের জন্য উৎসবমুখর মিলনমেলা

উত্তরায় তিন দিনের ‘টগুমগু শরৎ মেলা’ শুরু ১৫ অক্টোবর
১৪ অক্টোবর, ২০২৬ ১১:০৯  

ব্যস্ত নাগরিক জীবনে পরিবার ও শিশুদের মানসিক বিকাশ এবং বিনোদনের সুযোগ তৈরি করতে রাজধানীর উত্তরায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘টগুমগু শরৎ মেলা’। দেশের শীর্ষস্থানীয় প্যারেন্টিং অ্যাপ ‘টগুমগু’র উদ্যোগে এ বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উত্তরার ১২ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের বাড়ি নম্বর ০৯-এ অবস্থিত ‘টগুমগু প্যারেন্টিং হাব’-এ এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের পণ্যের সমাহার নিয়ে বসছে স্টল। দর্শনার্থীরা এখানে জুয়েলারি, প্রসাধন সামগ্রী (কসমেটিকস), ফ্যাশন পোশাক, গৃহসজ্জা পণ্য (হোম ডেকোর), শিশুদের খেলনা এবং ইলেকট্রনিক্স গ্যাজেট প্রদর্শন ও সরাসরি ক্রয়ের সুযোগ পাবেন। পাশাপাশি রসনা বিলাসের জন্য থাকছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের বিশেষ ফুড স্টল।

কেনাকাটার বাইরেও পরিবার ও শিশুদের জন্য থাকছে বর্ণাঢ্য বিনোদনমূলক কার্যক্রম। শিশুদের আনন্দ দিতে প্রতিদিনের আয়োজনে রাখা হয়েছে পাপেট শো ও ম্যাজিক শো। এছাড়া শিশু ও অভিভাবকদের একসঙ্গে সৃজনশীল কাজে যুক্ত করার লক্ষ্যে থাকছে বিশেষ ক্রাফটিং ওয়ার্কশপ। পরিবারের সকল সদস্য যাতে একসঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন, সেজন্য আয়োজন করা হয়েছে উন্মুক্ত ও বিনামূল্যে মুভি প্রদর্শনী।

আয়োজকদের মতে, আধুনিক যান্ত্রিক ব্যস্ততার মাঝে পরিবারের সদস্যদের নিবিড় সান্নিধ্যে কিছু সময় কাটানো এবং শিশুদের জন্য একটি আনন্দময় ও সৃজনশীল অভিজ্ঞতা উপহার দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। পরিবারবান্ধব এমন মিলনমেলা রাজধানীর অভিভাবক ও শিশুদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/এআরটি/এসএমপি/ওইএম//