বোমা ডিসপোজাল ইউনিটের তৎপরতায় বোমা নিষ্ক্রিয় ও সড়ক চলাচল স্বাভাবিক
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি উদ্ধার
- ছাতার ভেতর থেকে আইইডি বোমা উদ্ধার করল পুলিশ
- বিস্ফোরকে পাওয়া গেল শক্তিশালী উপাদান ও ডিটোনেটর
- সাময়িক সড়ক বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল মেট্রোরেল চলাচল
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা শক্তিশালী বোমা (আইইডি) উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। পুলিশ নিশ্চিত করেছে যে, নিষ্ক্রিয় করা বোমাটি একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)।
২৪ জুলাই, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে একটি পরিত্যক্ত ছাতার ভেতরে সন্দেহজনক বস্তুটি দেখতে পেয়ে পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ ও সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলে।
ডিএমপির মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম নিশ্চিত করে জানান, নিষ্ক্রিয় করা বোমা সদৃশ বস্তুর ভেতরে শক্তিশালী বিস্ফোরক উপাদান ও ডিটোনেটর পাওয়া গেছে। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। কে বা কারা এসব বিস্ফোরক সেখানে রেখে গেছে এবং এর পেছনের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বোমাতঙ্ক ছড়ানোর পর নিরাপত্তার স্বার্থে ওই সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও এমআরটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল।
//ডিবিটেক/ ডিপিএ/ইডিপি//





