১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ করাবেন রাষ্ট্রপতি

১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ করাবেন রাষ্ট্রপতি
১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৯  

রোজা শুরুর আগেই নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অপরদিকে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। 

১৪ ফেব্রুয়ারি, শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন। 

নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

এর আগে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে সরকারের উচ্চপদস্থ সূত্র ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দেওয়া তথ্য অনুযায়ী—১৫-১৬ ফেব্রুয়ারি হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। আর ১৭-১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর শপথ এবং নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ হতে পারে। 

প্রেস সচিব বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নির্বাচনে একটি কেন্দ্রে ২০০ শতাংশ ভোট পড়েছে এমন সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটি মিথ্যা সাংবাদিকতা। এটি মূলত মুদ্রাজনিত ভুল। যিনি এ ধরনের সংবাদ পরিবেশন করেছেন, তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা না বলেই করেছেন। পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়েছে।

অপরদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মতে, ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচিত সরকারের কাছে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করা হবে। এর মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের বেশি সময়ের শাসনকাল সমাপ্ত হবে এবং বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় প্রবেশ করবে।

ডিবিটেক/এসএইচ/এসআই