ডিজেআই ওসমো ৩৬০ টু: শক্তিশালী ভিডিও ও নতুন ফিচার

ডিজেআই ওসমো ৩৬০ টু: শক্তিশালী ভিডিও ও নতুন ফিচার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫১  

অ্যাকশন ক্যামেরার বাজারে প্রথম সংস্করণ চালুর ঠিক এক বছরের মাথায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন ক্যামেরা নিয়ে এলো প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজেআই। মূল প্রতিদ্বন্দ্বী ‘ইনস্টা৩৬০ এক্স৬’-এর সঙ্গে সরাসরি টেক্কা দিতে বাজারে আসা নতুন ‘ওসমো ৩৬০ টু’ মডেলটিতে আনা হয়েছে বেশ কিছু দরকারি ও ইতিবাচক পরিবর্তন। 

উচ্চ ফ্রেম রেট, উন্নত ডায়নামিক রেঞ্জ এবং কম আলোতে স্পষ্ট ভিডিও ধারণের সুবিধার পাশাপাশি এতে যুক্ত হয়েছে সহজে লেন্স বদলে ফেলার দারুণ এক সুযোগ। সাইকেল চালানো, স্কিইং বা অ্যাডভেঞ্চারের মতো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহারের সময় লেন্স ক্ষতিগ্রস্ত হলে এবার ব্যবহারকারী নিজেই তা ঘরে বসে বদলে নিতে পারবেন। 

৫৮৯ ইউরো বা প্রায় ৬৮০ ডলার মূল্যের এই ক্যামেরাটি উজ্জ্বল রোদ কিংবা রাতের শহরের আলোয় এর পারফরম্যান্স যেকোনো কনটেন্ট ক্রিয়েটরকে আকৃষ্ট করবে।
 
নকশা ও স্টোরেজের নতুন মাত্রা
পূর্বসূরির মতোই নতুন ক্যামেরাটিতে ১/১.১ ইঞ্চির ৮কে স্কয়ার সেন্সর এবং চারপাশের ৩৬০ ডিগ্রি দৃশ্য ধারণের জন্য উভয় পাশে জোড়া আল্ট্রাওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। প্রতিটি ক্যামেরা ১৮০ ডিগ্রি ভিউ ধারণ করে, যা সফটওয়্যারের মাধ্যমে ভেতরেই যুক্ত হয়ে তৈরি করে পুরো ৩৬০ ডিগ্রির ভিডিও। 

ডিভাইসের পেছনে রয়েছে স্পষ্ট ২ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে, যার নিচে ক্যামেরা ভিউ এবং রেকর্ড বোতাম বসানো হয়েছে। ডান পাশে সুরক্ষিত ওয়াটারপ্রুফ কম্পার্টমেন্টে রয়েছে পাওয়ার বাটন ও ইউএসবি-সি পোর্ট এবং অপর পাশে ব্যাটারি কম্পার্টমেন্টের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড স্লট রাখা হয়েছে। 

তবে মজার বিষয় হলো, এতে আলাদা মেমোরি কার্ড না থাকলেও খুব একটা সমস্যা হবে না। নতুন ওসমো ৩৬০ টু ক্যামেরায় রয়েছে ১০৫ জিবি অভ্যন্তরীণ মেমোরি, যা প্রতিযোগী যেকোনো ক্যামেরার তুলনায় দ্বিগুণেরও বেশি। সেকেন্ডে ৬০০ মেগাবাইট গতিতে ইউএসবি-সি দিয়ে ডাটা স্থানান্তরের সুবিধার ফলে প্রায় ২০ জিবি ভিডিও মাত্র ৩২ সেকেন্ডেই মেমোরি থেকে সরিয়ে নেওয়া সম্ভব। 

ক্যামেরাটিতে যুক্ত করা হয়েছে ২১৫০ মিলিঅ্যাম্পিয়ারের নতুন ব্যাটারি। একবার পূর্ণ চার্জে এটি প্রায় ১০৫ মিনিট ৮কে ৩০পি ভিডিও ধারণ করতে পারে এবং ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ৩৯ মিনিট। এর পাশাপাশি স্মার্টফোনের সঙ্গে সংযোগ আরও দ্রুত ও সহজ করতে যুক্ত করা হয়েছে এনএফসি সুবিধা। ফলে ফোনের সঙ্গে ক্যামেরাটি স্পর্শ করলেই মুহূর্তে ওয়াই-ফাই সংযোগ তৈরি হয়ে যায়। 

লেন্স বদলানোর সহজ উপায়
আগের মডেলে লেন্স ভেঙে গেলে বা দাগ পড়লে পুরো ক্যামেরা সার্ভিস সেন্টারে পাঠানো ছাড়া উপায় ছিল না। কিন্তু নতুন ওসমো ৩৬০ টু ক্যামেরায় সেই সমস্যার চমৎকার সমাধান এনেছে ডিজেআই। 

এখন মাত্র ৩৯ ইউরোর একটি লেন্স কিট কিনে নিজের ঘরে বসেই লেন্স পরিবর্তন করা সম্ভব। এই কিটে প্রয়োজনীয় যন্ত্রাংশ, চোষক কাপ, পরিষ্কারের হাওয়া স্প্রে এবং নির্দেশিকা দেওয়া থাকে। মাত্র পাঁচ মিনিটে লেন্স মেরামতের এই সুবিধা ঝুঁকি নিয়ে অ্যাকশন ভিডিও ধারণকারীদের জন্য বড় একটি স্বস্তির খবর। 

ভিডিও ও শব্দের উন্নত মান
প্রসেসরের গতি বাড়ানোয় এখন এই ক্যামেরায় ৬০ এফপিএসে ৮কে ভিডিও এবং ১২০ এফপিএসে ৪কে ভিডিও ধারণ করা সম্ভব। এতে ডায়নামিক রেঞ্জ ১৩.৫ থেকে বাড়িয়ে ১৪.৫ স্টপ করা হয়েছে। রাতে বা কম আলোতে কাজ করার জন্য যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক 'সুপারনাইট ২.০' প্রযুক্তি। এর সঙ্গে 'অ্যান্টি-মোশন ব্লার' সুবিধা যুক্ত থাকায় কম আলোতেও গতিশীল বস্তুর ছবি ঝাপসা না হয়ে বেশ স্পষ্ট ফুটেজ পাওয়া যায়।

তবে সাধারণ ৪কে অ্যাকশন ক্যামেরার তুলনায় ৩৬০ ডিগ্রির এই ছবিকে সমতল বা ফ্ল্যাট ৪কে ভিডিওতে রূপান্তর করলে ভিজ্যুয়াল কিছুটা কম ধারালো বা সফট মনে হতে পারে। শব্দের দিক থেকে এতে রয়েছে চারটি বিল্ট-ইন মাইক্রোফোন, যা বাতাসের আওয়াজ কমিয়ে পরিষ্কার অডিও ধারণ করে। পাশাপাশি মাইক ৩ বা মাইক ২-এর মতো ডিজেআইয়ের নিজস্ব ওয়্যারলেস মাইক্রোফোনের সঙ্গে এটি সরাসরি যুক্ত হতে পারে।

এডিটিং ও সার্বিক মূল্যায়ন
ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ডিজেআইয়ের নিজস্ব ‘স্টুডিও’ অ্যাপ দিয়ে সাধারণ কাজগুলো করা গেলেও পেশাদার এডিটিংয়ের দিক থেকে এটি এখনও কিছুটা পিছিয়ে। তবে 'ডাভিঞ্চি রিজলভ' সফটওয়্যারের জন্য একটি নতুন প্লাগইন চালু করায় পেশাদার এডিটরদের কাজ এখন আগের চেয়ে কিছুটা সহজ হয়েছে। 

সব মিলিয়ে ইনস্টা৩৬০ এক্স৬-এর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে ডিজেআই ওসমো ৩৬০ টু। ব্যাটারি ব্যাকআপ প্রতিদ্বন্দ্বীর চেয়ে কিছুটা কম হলেও বাড়তি বিল্ট-ইন স্টোরেজ, দ্রুত ডেটা আদান-প্রদান, ঘরে বসে লেন্স বদলে ফেলার সুবিধা, উন্নত ডায়নামিক রেঞ্জ এবং কম আলোতে চমৎকার পারফরম্যান্সের কারণে যারা একটি আধুনিক ৩৬০ ডিগ্রি অ্যাকশন ক্যামেরা খুঁজছেন, তাঁদের জন্য এটি হতে পারে দারুণ এক পছন্দ। 

ডিবিটেক/বিএমটি