সংসদ মেডিকেল সেন্টারকে মানসম্মত ও আধুনিক করার উদ্যোগ নিল বিশেষ কমিটি

সংসদ মেডিকেল সেন্টার আধুনিকায়নের সিদ্ধান্ত

  • জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নত ও আধুনিকায়ন করতে কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে
  • সভায় ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, জনবল বৃদ্ধি এবং আধুনিক ফিজিওথেরাপি ও আইসিইউ অ্যাম্বুলেন্স চালুর প্রস্তাব করা হয়
  • পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী প্রসিদ্ধ হাসপাতালগুলোর সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পরামর্শ দেওয়া হয়

সংসদ মেডিকেল সেন্টার আধুনিকায়নের সিদ্ধান্ত
১০ অক্টোবর, ২০২৬ ১৮:৫৬  

জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নতকরণ এবং সেবা সম্পর্কে পরামর্শ ও তদারকিকরণ সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে সভায় আরও অংশ নেন কমিটির সদস্য ও হুইপ মোয়াজ্জেম হোসেন (আখতারুজ্জামান মিয়া) এবং ইকরামুল বারী টিপু এমপি। সভায় সংসদ মেডিকেল সেন্টারকে আরও মানসম্মত ও আধুনিক সেবা প্রদানে উপযোগী করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারের সেবার পরিধি ও মান বৃদ্ধির লক্ষ্যে অর্গানোগ্রাম সংশোধন করে ডাক্তার, নার্সসহ অন্যান্য জনবল বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া, মেডিকেল সেন্টারের সক্ষমতা বাড়াতে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব পেশ করা হয়। চিকিৎসা সরঞ্জামকে যুগোপযোগী করার অংশ হিসেবে আধুনিক ফিজিওথেরাপি সেন্টার, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি, আরপিজি, আইসিইউ সেটআপ সমৃদ্ধ অ্যাম্বুলেন্স এবং প্যাথলজি মেশিন আপগ্রেড করার জোরালো প্রস্তাব রাখা হয়। এসব কার্যক্রমের জন্য বিশেষ অর্থ বরাদ্দের লক্ষ্যে সংসদ সচিবালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

মেডিকেল সেন্টার থেকে রেফারকৃত রোগীদের উন্নত ও সুনিশ্চিত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানীর পার্শ্ববর্তী প্রসিদ্ধ হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) চালুর প্রস্তাবও উত্থাপন করা হয় সভায়।

সভায় অতিরিক্ত সচিবসহ (এফ অ্যান্ড পিআর) সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/ এসএসপিআর/এসএমই/এমএনও//