ভিকারুন্নিসা ও ঢাবিতে ১,১০০ ছাত্রীর অংশগ্রহণ
সিআইডি ও বিকাশের যৌথ সাইবার সচেতনতা কর্মশালা
- সাইবার নিরাপত্তা ও নিরাপদ ডিজিটাল লেনদেনে সিআইডি এবং বিকাশের বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- ভিকারুন্নিসা ও ঢাবির রোকিয়া ও শামসুন নাহার হলের ১,১০০ ছাত্রী অংশগ্রহণ করেন
- পিন, ওটিপি সুরক্ষা ও ফিচিং লিংক প্রতিরোধে সারাদেশে পর্যায়ক্রমে কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ
ছাত্রীদের ডিজিটাল আর্থিক লেনদেনে সুরক্ষা দিতে এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় বিশেষ সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। ১১ অক্টোবর, রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলের প্রায় ১,১০০ ছাত্রী এই প্রশিক্ষণ সেশনগুলোতে অংশ নেন। সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ও বিকাশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডিজিটাল স্পেসে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও প্রতারণার ফাদ এড়ানোর কারিগরি পরামর্শ প্রদান করেন।
সেশনগুলোতে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারের নিরাপদ নিয়মাবলি এবং বাস্তব জীবনের সাইবার ঝুঁকির কেস স্টাডি তুলে ধরা হয়। পিন (PIN) বা ওটিপি (OTP)-এর কঠোর গোপনীয়তা রক্ষা করা, প্রলোভনমূলক অফারের আড়ালে থাকা ফিচিং লিংক শনাক্ত করা এবং যেকোনো সন্দেহজনক ঘটনা তাৎক্ষণিকভাবে অফিসিয়াল চ্যানেলে জানানোর ওপর জোর দেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অনলাইন কনটেন্ট শেয়ার করার আগে তথ্যের সত্যতা যাচাই করার মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়ানো বন্ধ করার পরামর্শ দেওয়া হয়।
প্রথম কর্মশালাটি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৬৫০ জন ছাত্রী অংশ নেন। অনুষ্ঠানে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা) বিভিন্ন ধরনের সাইবার অপরাধ, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও ঝুঁকি হ্রাসের কৌশল নিয়ে আলোচনা করেন। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডির সিপিসির ডিআইজি সানা শামীমুন রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মেজর এ কে এম মনিরুল করিম (অব.)।
পরবর্তীতে এই সচেতনতামূলক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রসারিত হয়। বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন নাহার হলে পৃথক দুটি সেশনে ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেন। দুটি সেশনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডির সিপিসির ভারপ্রাপ্ত ডিআইজি মো. সফিউদ্দিন শাহীন। সেশন দুটিতে যথাক্রমে সভাপতিত্ব করেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরীন সুলতানা।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সাইবার নিরাপত্তা ও সচেতনতামূলক কর্মশালা সম্প্রসারণ করা হবে।
নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলতে প্রযুক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার পাশাপাশি সচেতন ব্যবহারকারীর গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্য নিয়ে ২০১৭ সাল থেকে পুলিশ, ডিবি, সিআইডি ও পিবিআই-এর তদন্তকারী কর্মকর্তা এবং এজেন্টদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কর্মশালা পরিচালনা করে আসছে বিকাশ। এবার তরুণ শিক্ষার্থীদের সুরক্ষায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধারা ছড়িয়ে দেওয়ার নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজক সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/বিপিআর/এসএমপি/এমআইএস//





