জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকার ঋণ ও অনুদান প্যাকেজ ঘোষণা
তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' চালু করছে বাংলাদেশ ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরির জন্য ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে
- নির্বাচিত উদ্যোক্তারা ১০ লাখ টাকার ঋণ (৪-৭% সুদে) ও ১০ লাখ টাকার অফেরতযোগ্য অনুদান পাবেন
- ১৬ সেপ্টেম্বর সার্কুলার জারির পর ১ মাস পর্যন্ত তফসিলি ব্যাংকে আবেদন করা যাবে
দেশের যুবসমাজকে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন, অ্যাগ্রো-টেক, ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতে নিজস্ব সক্ষমতায় গড়ে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ‘উদ্যোগ— উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এই নতুন অর্থায়ন কাঠামোর অধীনে একজন নির্বাচিত তরুণ সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ফান্ডিং পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংক ঋণ এবং অবশিষ্ট ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। ঋণের জন্য কোনো ধরনের স্থাবর জামানতের প্রয়োজন হবে না এবং সুদের হার রাখা হয়েছে সর্বনিম্নে (৪ থেকে ৭ শতাংশ)।
অনুদানের টাকা শর্তসাপেক্ষে অফেরতযোগ্য হলেও নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অর্থও সাধারণ সুদমুক্ত ঋণে রূপান্তরিত হয়ে খেলাপি তালিকাভুক্ত হবে। ২৮ বছর বা তার চেয়ে কম বয়সী যেকোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক নিজ উপজেলার ব্যাংকিং শাখায় বিনা ফি-তে আবেদন করতে পারবেন।
প্রাথমিকভাবে দেশের ৮টি বিভাগের ৮টি জেলার (মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা) ৬৪টি উপজেলায় প্রথম ধাপে ৬৪০ জন উদ্যোক্তাকে নির্বাচন করা হবে। পরবর্তীতে প্রতি বছর প্রায় ৫,০০০ তরুণকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, ল্যাব সাপোর্ট ও আর্থিক সহায়তা দেওয়া হবে। সার্কুলার আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশিত হওয়ার পর থেকে এক মাস পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।
//ডিবিটেক/ বিবিপি/বিটিও/এমআইএস//





