আসছে ঋণ, আমানত ও বিমাসেবা
নতুন নিরাপত্তা সুবিধায় নগদের অ্যাপ চালু
- দ্রুত লেনদেন ও নিরাপত্তা বাড়াতে নতুন অ্যাপ চালু করেছে নগদ।
- ডিভাইস বাইন্ডিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে জোর দেওয়া হয়েছে নিরাপত্তায়।
- ভবিষ্যতে ঋণ, স্থায়ী আমানত ও বিমাসেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। গ্রাহকবান্ধব নকশা, উন্নত প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিরাপত্তাব্যবস্থার সমন্বয়ে তৈরি অ্যাপটিতে দৈনন্দিন আর্থিক সেবাগুলো আরও স্বাচ্ছন্দ্যে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। নগদ জানিয়েছে, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপটিতে ধাপে ধাপে নতুন সুবিধা যুক্ত করা হবে।
নতুন অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। নিরবচ্ছিন্নভাবে লেনদেন চালিয়ে যেতে গ্রাহকদের নতুন লেনদেনের আগে অ্যাপটি হালনাগাদ করে নিতে হবে।
নগদের দাবি, নতুন অ্যাপটির সাড়া দেওয়ার সময়, লোডিং সময় ও বিলম্ব আগের তুলনায় কম রাখা হয়েছে। পাশাপাশি, বহুল ব্যবহৃত সুবিধাগুলো গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে। সহজ ও জটিলতামুক্ত নকশার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও অ্যাপটি সহজে ব্যবহার করতে পারবেন বলে প্রতিষ্ঠানটি আশা করছে।
অ্যাপটিতে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পরিশোধ এবং আন্তঃপরিচালনযোগ্য আর্থিক সেবার সুবিধা রয়েছে। এসব সেবার মাধ্যমে গ্রাহকের লেনদেনের স্বাধীনতা বাড়ানোর পাশাপাশি দেশের নগদবিহীন অর্থনীতির অগ্রযাত্রাকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে স্বল্প সময়ের মধ্যে অ্যাপটিতে ঋণ, স্থায়ী আমানত ও বিমার মতো আরও আর্থিক সেবা যুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছে নগদ।
লেনদেনের সময় প্রতারণার ঝুঁকি কমাতে অ্যাপটির নিরাপত্তাব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যুক্ত করা হয়েছে ডিভাইস বাইন্ডিং সুবিধা, যা গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। নগদের ভাষ্য অনুযায়ী, অ্যাপটিতে আন্তর্জাতিক মানের বহুস্তরীয় নিরাপত্তাকাঠামো এবং প্রযুক্তিনির্ভর জালিয়াতি প্রতিরোধব্যবস্থা রয়েছে।
এ ছাড়া, প্রতারণা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হ্যাকিংয়ের ঝুঁকি মোকাবিলায় অ্যাপটির নিরাপত্তাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক নিরাপত্তাঝুঁকি শনাক্ত করে প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নতুন অ্যাপ চালুর বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে। নতুন অ্যাপে আমরা আধুনিক ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতার পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা কাঠামো যুক্ত করেছি। ফলে গ্রাহকরা আরও সহজে, দ্রুত এবং একই সঙ্গে নিজের তথ্য ও অর্থকে সুরক্ষিত রেখে তাদের দৈনন্দিন সব ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।”
তিনি আরও বলেন, নগদের মূল লক্ষ্য এমন একটি ইকোসিস্টেম তৈরি করা, যেখানে গ্রাহকরা একটি অ্যাপ থেকেই দৈনন্দিন সব আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদা বিবেচনায় নিয়ে অ্যাপটিতে নিয়মিত নতুন সেবা ও নিরাপত্তাবৈশিষ্ট্য যুক্ত করা হবে বলেও জানান তিনি।
//ডিবিটেক/এমআরএইচ/এসএমপি/এমভিএনও/ডিপিওই//





