২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের লক্ষ্য

ভাষা ও কারিগরি দক্ষতায় গড়বে মানবসম্পদ

  • ভাষাশিক্ষাকে বাস্তব জীবনের যোগাযোগ ও দক্ষতা অর্জনের মাধ্যম করার আহ্বান
  • মাতৃভাষায় বিজ্ঞানচর্চার পাশাপাশি ইংরেজি ও চীনা ভাষায় দক্ষতা বাড়ানোর তাগিদ
  • দক্ষ মানবসম্পদ গড়তে বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় ভূমিকা চেয়েছেন প্রতিমন্ত্রী

ভাষা ও কারিগরি দক্ষতায় গড়বে মানবসম্পদ
১০ অক্টোবর, ২০২৬ ১২:২৬  

ভাষাদক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে তরুণদের প্রযুক্তিগত সক্ষমতা, যোগাযোগদক্ষতা এবং আন্তর্জাতিক ভাষায় দক্ষতা বাড়াতে হবে।

১০ অক্টো্র, শনিবার ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; দক্ষতা অর্জন, জ্ঞান বিনিময় এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিরও গুরুত্বপূর্ণ হাতিয়ার। ভাষা একজন মানুষকে নিজের ভাব স্পষ্টভাবে প্রকাশ করার পাশাপাশি সমাজে নিজের অবস্থান ও সম্ভাবনার ক্ষেত্র প্রসারিত করতে সহায়তা করে। চিন্তা কতটা স্পষ্টভাবে এবং কার্যকরভাবে অন্যের কাছে তুলে ধরা যায়, তার ওপর শিক্ষা, কর্মজীবন ও পেশাগত অগ্রগতির অনেক কিছু নির্ভর করে।

তাই ভাষাশিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে যোগাযোগ ও দক্ষতা বিকাশের মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

চীনের অভিজ্ঞতা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও একাডেমিক পরিভাষা সমৃদ্ধ করা এবং সেই ভাষায় জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা একটি দেশের দক্ষতা ও সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশেরও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানচর্চা সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা বাড়াতে হবে। এর মাধ্যমে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ এবং বৈশ্বিক বাণিজ্যে দেশের সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে উন্নীত করার আকাঙ্ক্ষা বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। এ জন্য কারিগরি জ্ঞান, যোগাযোগদক্ষতা এবং ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।

তরুণদের ভাষাশিক্ষার সাফল্যকে বৃহত্তর দক্ষতা উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এ ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/টিএমপি/এসএমই/ডিপিও//