পোস্টাল ভোটে প্রবাসীদের দেশের ভেতর আগ্রহ অর্ধেক
আইটি সাপোর্টেড ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট প্রদানে প্রবাসীদের অংশগ্রহণ দেশের অভ্যন্তরীণ ভোটারদের তুলনায় প্রায় দ্বিগুণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। পরিসংখ্যান বলছে, ডিজিটাল পদ্ধতিতে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচন প্রক্রিয়াকে নতুন মাত্রা দিয়েছে। নির্বাচন কমিশন এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। এক্ষত্রে প্রবাসীদের চেয়ে দেশে পোস্টাল ভোটে ধীরগতি লক্ষ্য করা গেছে।
কমিশন সূত্রে ভোটদানের পর প্রাপ্ত ব্যালট প্রাপ্তির হিসাব বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ৪ ফেব্রুয়ারি, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন এবং ডাকবাক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন। এসবের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট, যার মধ্যে রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪১ হাজার ১৭৮টি।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত প্রবাসীদের গন্তব্য দেশগুলোতে পাঠানো হয়েছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন।
অন্যদিকে, দেশের ভেতরে ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারদের কার্যক্রম তুলনামূলকভাবে ধীরগতির। অভ্যন্তরীণ ভোটারদের কাছে পাঠানো ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালটের মধ্যে এখন পর্যন্ত গ্রহণ করেছেন ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন। এরমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন এবং ডাকবাক্সে জমা দিয়েছেন ১ লাখ ৪ হাজার ১৬৫ জন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫টি ব্যালট।
নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকযোগে প্রাপ্ত প্রতিটি ব্যালট অত্যন্ত সতর্কতার সঙ্গে সংগ্রহ ও সংরক্ষণ করা হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী এসব ভোট মূল ভোট গণনার সঙ্গে যুক্ত করা হবে।
ডিবিটেক/এসএম/ইকে







