দক্ষতা বাড়াতে অংশ নিচ্ছে চারশত শিক্ষার্থী
ভিজুয়াল স্টোরিটেলিং নিয়ে বৈশাখীর অনলাইন কর্মশালা
- ৬১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দৃশ্যভিত্তিক গল্প বলা, ভিডিও সম্পাদনা ও তথ্য যাচাই শিখবে
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান ড. মো. আবদুল কাবিল খান প্রশিক্ষক
- বৈশাখী ইয়ুথের অফিশিয়াল পেজ থেকে শনিবার সরাসরি সম্প্রচারিত হবে কর্মশালাটি
ডিজিটাল মিডিয়ার বিকাশ এবং কনটেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের যুগে তরুণদের আধুনিক দৃশ্যভিত্তিক গল্প বলার প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির যুগে মানসম্মত ডিজিটাল কনটেন্ট তৈরি ও তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে একটি বিশেষায়িত অনলাইন কর্মশালার আয়োজন করেছে বৈশাখী টেলিভিশনের তরুণ প্ল্যাটফর্ম ‘বৈশাখী ইয়ুথ’। ১০ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৭টায় এ অনলাইন কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
‘ভিজুয়াল স্টোরিটেলিং’ শীর্ষক এ ভার্চুয়াল কর্মশালায় দেশের ৬১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পুরো অনুষ্ঠানটি ‘বৈশাখী ইয়ুথ’-এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। কর্মশালায় মূল প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান। তিনি তাঁর বাস্তব অভিজ্ঞতা, অ্যাকাডেমিক জ্ঞান ও আধুনিক প্রযুক্তিনির্ভর নির্দেশনার মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা দেবেন।
প্রশিক্ষণে আধুনিক ডিজিটাল কনটেন্ট নির্মাণের নানা কারিগরি দিক, দৃশ্যভিত্তিক গল্প বলার উন্নত ফ্রেমওয়ার্ক, প্রাথমিক পর্যায়ের সিনেমাটোগ্রাফি বা চিত্রগ্রহণ, ডিজিটাল ভিডিও সম্পাদনা, চিত্রনাট্য লেখা এবং ডিজিটাল অ্যালগরিদমে তথ্যের সত্যতা যাচাইয়ের (ফ্যাক্ট-চেকিং) মতো কৌশলগুলোর ওপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।
এর পাশাপাশি সমসাময়িক সংবাদ ও সামাজিক মাধ্যমের জন্য ভিডিও কনটেন্ট তৈরির ব্যবহারিক দিক, সঠিক বিষয় নির্বাচন, কার্যকর উপস্থাপনা এবং দর্শকের কাছে গল্পকে আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়ার প্রযুক্তিগত কৌশলগুলো নিয়েও আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/বিএনপিআর/এসএমই/বিপিও//





