কুনমিং ও পেনাং রুটে সরাসরি ফ্লাইটের প্রস্তুতি
নভেম্বরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
- কক্সবাজারকে বৈশ্বিক ট্যুরিজম হাব হিসেবে রূপান্তরের লক্ষ্যে চলছে আন্তর্জাতিক উদ্বোধনের প্রস্তুতি।
- চীন, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলোকে সরাসরি রুটে ফ্লাইট পরিচালনায় প্রণোদনার ইঙ্গিত।
- রিয়াদ বিমানবন্দর হামলায় ৩৪০০ যাত্রীর দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কথা জানালেন বিমানমন্ত্রী।
বিশ্বমানের পর্যটন অবকাঠামো সম্প্রসারণ এবং আন্তর্জাতিক আকাশপথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে উদ্বোধনের জোরালো প্রস্তুতি চলছে। ১২ অক্টোবর , সোমবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনির্মিত এ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুকরণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সচিব ফাহমিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ও প্রতিনিধিরা উপস্থিত থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার কারিগরি ও বাণিজ্যিক দিকগুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, কক্সবাজারকে বিশ্বমানের আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী রূপকল্পে এ বিমানবন্দরটি অনুঘটক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দূরপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বের পর্যটকরা সরাসরি সমুদ্রসৈকত নগরী কক্সবাজারে যাতায়াত করতে পারবেন।
ভৌগোলিক নৈকট্যের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, কক্সবাজার থেকে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং অত্যন্ত কাছে। স্থলবেষ্টিত ইউনান প্রদেশের সাথে কক্সবাজারের আকাশপথ যুক্ত করা চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের জন্য বাণিজ্যিকভাবে একটি উজ্জ্বল সম্ভাবনাময় খাত। পাশাপাশি মালয়েশিয়ার পেনাং থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে এয়ার এশিয়া। এছাড়া ফ্লাই দুবাই এয়ারলাইন্সের কক্সবাজার-ব্যাংকক-দুবাই ট্রানজিট ফ্লাইট চালুর আগ্রহকেও ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। নতুন এই আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় উদ্বুদ্ধ করতে এয়ারলাইন্সগুলোকে সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা ও বিশেষ সুবিধা প্রদানের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব নিয়ে কথা বলেন। তিনি জানান, রিয়াদের বিমানবন্দরে আকস্মিক হামলার প্রভাবে বৈশ্বিক এভিয়েশন সূচির অংশ হিসেবে ঢাকা থেকে ১০টি ফ্লাইট বাতিল হয়েছে, যাতে ৩ হাজার ৪০০-র বেশি প্রবাসী ও সাধারণ যাত্রী বিপাকে পড়েছেন। সংকটটি অনাকাঙ্ক্ষিত ও আন্তর্জাতিক পরিসরের হলেও যাত্রী দুর্ভোগ সর্বনিম্নে নামিয়ে আনতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদসহ মন্ত্রণালয় ও বিভিন্ন এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/টিআইপি/এসএমপি/এমএসআই//





