বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২০ শতাংশ ধস, প্রবৃদ্ধিতে এগিয়ে স্যামসাং ও অ্যাপল

বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২০ শতাংশ ধস, প্রবৃদ্ধিতে এগিয়ে স্যামসাং ও অ্যাপল
১৩ অক্টোবর, ২০২৬ ১৭:০২  

মেমোরি চিপের আকাশচুম্বী দাম ও বৈশ্বিক সরবরাহের ঘাটতির কারণে বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজারে বড় ধরনের ধস নেমেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহ গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে। 

এটি গত ১৪ বছরের মধ্যে তৃতীয় প্রান্তিকে সর্বনিম্ন স্মার্টফোন সরবরাহের রেকর্ড। বাজারে অতিরিক্ত মূল্যের কারণে সাধারণ গ্রাহকদের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং সাশ্রয়ী বাজেটের ফোনের বাজার সংকুচিত হওয়াকেই এই সার্বিক মন্দার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্যামসাং ও অ্যাপলের বাজার আধিপত্য
স্মার্টফোনের বৈশ্বিক বাজার সংকুচিত হলেও ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে দক্ষিণ কোরিয়ান জায়ান্ট স্যামসাং এবং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। 

২৩ শতাংশ বাজার দখল করে বিক্রির শীর্ষে রয়েছে স্যামসাং, যা গত বছরের একই সময়ে ছিল ১৯ শতাংশ। তাদের এই প্রবৃদ্ধির পেছনে নতুন উন্মোচিত গ্যালাক্সি জেড ফোল্ড৮, ফোল্ড৮ আল্ট্রা এবং ফ্লিপ৮ সিরিজের প্রতি গ্রাহকদের বিপুল চাহিদাকে দায়ী করা হচ্ছে। 

অন্যদিকে, ২২ শতাংশ বাজার দখল করে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল। কাউন্টারপয়েন্টের তথ্য অনুযায়ী, এটি ইতিহাসে কোনো তৃতীয় প্রান্তিকে অ্যাপলের সর্বোচ্চ বাজার দখলের রেকর্ড। 

বিশ্বজুড়ে দামি বা প্রিমিয়াম হ্যান্ডসেটের চাহিদা অপরিবর্তিত থাকায় কোম্পানি দুটি এই মন্দার মধ্যেও নিজেদের অবস্থান মজবুত করতে পেরেছে।

চীনা ব্র্যান্ডগুলোর পতন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ
বিপরীত চিত্র দেখা গেছে অন্যান্য শীর্ষস্থানীয় চীনা স্মার্টফোন উৎপাদকদের ক্ষেত্রে। নতুন চিপের দাম বাড়ায় মাঝারি ও কম বাজেটের হ্যান্ডসেটের উৎপাদন খরচ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ফলে শাওমির বাজার শেয়ার ১৪ শতাংশ থেকে কমে ১০ শতাংশে নেমে এসেছে। 

এ ছাড়া অপো ৯ শতাংশ এবং ভিভো ৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে স্মার্টফোনের গড় খুচরা মূল্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বছরের বাকি সময়টাতেও বাজার পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং থাকবে। ফলে স্মার্টফোন নির্মাতারা এখন বেশি সংখ্যক ফোন বিক্রির চেয়ে মুনাফা ধরে রাখতে দামি ও ফ্ল্যাগশিপ ডিভাইসের উৎপাদনে বেশি জোর দিচ্ছে।

ডিবিটেক/বিএমটি   ।   সূত্র: জিএসএম এরিনা