৭০০ মেগাহার্টজ নেটওয়ার্কে ইনডোর কভারেজ বৃদ্ধির বার্তা
রংপুরে ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধনে গ্রামীণফোন সেন্টার চালু
- স্থানীয় শতরঞ্জির লোকশিল্প নকশা ও পরিবেশবান্ধব উপাদানে সাজানো হয়েছে নতুন জিপিসি
- নগরীর জাহাজ কোম্পানির মোড়ে ডিজিটাল-ফার্স্ট গ্রাহকসেবা দিতে আধুনিক সেন্টারের যাত্রা
- জিপিশিল্ডের মাধ্যমে সাইবার নিরাপত্তা ও দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক নিশ্চিতের অঙ্গীকার
স্থানীয় ঐতিহ্য, পরিবেশবান্ধব স্থাপত্য এবং কাটিং-এজ টেলিযোগাযোগ প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে রংপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন ‘গ্রামীণফোন সেন্টার’ (জিপিসি)। ফ্ল্যাগশিপ কেন্দ্রটি থেকে গ্রাহকদের সর্বাধুনিক ডিভাইস, ডিজিটাল সল্যুশন ও ডিজিটাল-ফার্স্ট সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে উদ্বোধনীতে।
রংপুরের প্রাচীন লোকঐতিহ্য ও জিআই পণ্য শতরঞ্জির নান্দনিক মোটিফে অভ্যন্তরীণ সাজসজ্জা করে আধুনিক প্রযুক্তি সেবাকে স্থানীয় সংস্কৃতির সাথে একীভূত করেছে অপারেটরটি।
১২ অক্টোবর, সোমবার নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা জাহাজ কোম্পানির মোড়ে নতুন এ গ্রাহকসেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ, রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ টেলিকম প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করে নির্মিত এই আধুনিক সেন্টারে গ্রাহকরা একই ছাদের নিচে ভয়েস ও ডেটা সেবা, ডিভাইস ইকোসিস্টেম, সিম প্রতিস্থাপন এবং আধুনিক এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন সংক্রান্ত সমন্বিত সেবা গ্রহণ করতে পারবেন। সাধারণ মোবাইল গ্রাহকদের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং করপোরেট প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরে সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই আউটলেট।
উদ্বোধনী বক্তব্যে গ্রামীণফোনের সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, টেলিযোগাযোগ প্রযুক্তির মূল উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সহজ ও অর্থবহ করা এবং নির্ভরযোগ্য সংযোগের মাধ্যমে ভবিষ্যৎ বিনির্মাণে পাশে থাকা। এই ভাবনা থেকেই সব ডিজিটাল সুবিধা এক ছাদের নিচে নিশ্চিত করতে এ সেন্টারের সূচনা। তিনি উল্লেখ করেন, দেশজুড়ে লো-ব্যান্ড ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণফোন ঘরের ভেতরে ও বাইরে (ইনডোর ও আউটডোর) সমানভাবে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিতে কাজ করছে।
এর পাশাপাশি সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় জোর দিয়ে তিনি জানান, গ্রাহকদের অনলাইন হুমকি সম্পর্কে সচেতন করার পাশাপাশি ‘জিপিশিল্ড’ (GP Shield)-এর মতো সাইবার সুরক্ষা সেবার মাধ্যমে নিরাপদ ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। নির্ভরযোগ্য নেটওয়ার্ক ও সুরক্ষিত সংযোগ মানুষের শিক্ষা, অর্থনীতি ও নতুন সুযোগ সৃষ্টির দ্বার উন্মোচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় ঐতিহ্য ও অত্যাধুনিক প্রযুক্তির এ সংমিশ্রণ রংপুর অঞ্চলের গ্রাহকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।
//ডিবিটেক/এমআরইপি/এসএমই/এমআইএস//





