এনএসইউতে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সম্মেলন শুরু

ওষুধের সাশ্রয়ী উৎপাদনে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান

  • কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ওষুধ আবিষ্কার ও ন্যানোমেডিসিন জটিল রোগ নিরাময়ে নতুন দিগন্ত
  • ধনী-গরিব নির্বিশেষে সবার ক্রয়ক্ষমতা নিশ্চিত করতে গবেষণায় ব্যয় সংকোচনের তাগিদ
  • নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব মালায়ার যৌথ আয়োজনে ১১ দেশের গবেষক

ওষুধের সাশ্রয়ী উৎপাদনে ইউজিসি চেয়ারম্যানের আহ্বান
১০ অক্টোবর, ২০২৬ ২০:৪৪  

জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আধুনিক ফার্মাসিউটিক্যাল গবেষণা এবং সাশ্রয়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ১০ অক্টোবর, শনিবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত ‘আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস সম্মেলন (আইসিপিএস-২০২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি জোর দিয়ে বলেন, কাটিং-এজ প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন ওষুধ উদ্ভাবনের পাশাপাশি তা যেন ধনী-গরিব সব শ্রেণির মানুষের নাগালে থাকে, বিজ্ঞানীদের তা নিশ্চিত করতে হবে। অধ্যাপক মামুন আহমেদ উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ওষুধ আবিষ্কার, ন্যানোমেডিসিন ও লক্ষ্যভিত্তিক থেরাপিউটিক চিকিৎসাপদ্ধতি ওষুধবিজ্ঞানে এক বৈপ্লবিক সম্ভাবনা উন্মোচন করছে। এসব উচ্চপ্রযুক্তি ক্যান্সারসহ দুরারোগ্য ও জটিল রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তবে প্রযুক্তির উন্নয়ন যেন কেবল উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে জন্য গবেষণার শুরু থেকেই উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের দিকটি বিবেচনায় রাখতে হবে।

ইউজিসি চেয়ারম্যান তরুণ গবেষক ও শিক্ষার্থীদের গবেষণার মূল লক্ষ্য মানবকল্যাণ নির্ধারণের পরামর্শ দেন। তিনি সতর্ক করে বলেন, বায়োমেডিকেল ও ওষুধ গবেষণায় তথ্যের সততা, গবেষণার নৈতিকতা এবং প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা কঠোরভাবে বজায় রাখতে হবে; যা ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতার ওপর বৈশ্বিক আস্থা ধরে রাখার অন্যতম মূল ভিত্তি।

নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার খ্যাতনামা ইউনিভার্সিটি অব মালায়ার যৌথ উদ্যোগে ‘ইনোভেশনস ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ফর গ্লোবাল হেলথ অ্যাডভান্সমেন্ট’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজিত হচ্ছে। ১০ থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলা এ আসরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত ও শ্রীলঙ্কাসহ বিশ্বের ১১টি দেশের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হোসেন শাহরিয়ার, ইউনিভার্সিটি অব মালায়ার প্রতিনিধি ড. মোহাম্মদ ফৌজি আবদুল জলিল এবং এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার সাহা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ ও এম এ কাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসের ইউ আহমেদ। সম্মেলনে শতাধিক গবেষণা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপনার পাশাপাশি ওষুধশিল্প ও অ্যাকাডেমিয়ার সমন্বিত সহযোগিতা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

//ডিবিটেক/আইএইচইউ/এমএনপি/বিপিও//