কুইজে অংশ নিলেন শিক্ষার্থীরা

যবিপ্রবিতে আইইইই ডে উদযাপিত

  • প্রযুক্তির সঠিক ব্যবহারে দক্ষ মানবসম্পদ গড়ার ওপর গুরুত্ব দিয়েছেন যবিপ্রবি উপাচার্য
  • র‍্যালি, কেক কাটা ও কুইজ প্রতিযোগিতায় উদযাপিত হয়েছে আইইইই ডে
  • বিজয়ীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে

যবিপ্রবিতে আইইইই ডে উদযাপিত
১৩ অক্টোবর, ২০২৬ ১৮:৩১  

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। ‘উন্নত ভবিষ্যতের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টিতে উদযাপিত হয়েছে ইন্সটিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের (আইইইই) ডে।

১৩ অক্টোবর , মঙ্গলবার বেলা ১২টায় আইইইই জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে র‍্যালির মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। পরে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে কেক কাটা হয়। এরপর অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের কোনো বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশল ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্বমঞ্চে আমাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে একাডেমিক শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রযুক্তিভিত্তিক সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। স্বাগত বক্তব্য দেন আইইইই জাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার জাহিদুল ইসলাম শান্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/জেএনএইচ/এসএমপি/এমভিএনও/ডিপিওই//