থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
২৫ নভেম্বর, ২০২৫ ০৯:৩৭  

বাংলাদেশে থাই ই-ভিসা এবং যুক্তরাজ্যের ভিসা সংক্রান্ত কিছু এজেন্সির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে সংশ্লিষ্ট দূতাবাস ও হাইকমিশন।

ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস জানায়, দেশে কিছু এজেন্সি ২-৩ ঘণ্টার মধ্যে থাই ই-ভিসা অনুমোদনের নিশ্চয়তা দিচ্ছে। তবে এটি সম্পূর্ণ অসত্য, কারণ থাই ই-ভিসার আবেদন কঠোরভাবে পর্যালোচনা করা হয় এবং কোনো এজেন্সি দ্রুত অনুমোদনের নিশ্চয়তা দিতে পারে না। দূতাবাস আবেদনকারীদের বিভ্রান্তিকর পরিষেবা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এদিকে, ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন জানিয়েছে, যুক্তরাজ্যের ভিসার জন্য জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এছাড়া হাইক‌মিশন জানায়, ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কোনোভাবেই গ্যারান্টিযুক্ত নয়। ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে ভিসা নিশ্চিত করার দাবি যারা করছে, তাদেরকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

দূতাবাস ও হাইক‌মিশন উভয়ই আবেদনকারীদের সরকারি ও অফিসিয়াল সূত্রের মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছে।

ডিবিটেক/পিএন/ইক