ইউরোপে অক্টোবরে নতুন গাড়ি বিক্রি বেড়েছে ৪.৯%
ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) জানিয়েছে, অক্টোবর মাসে ইউরোপে নতুন গাড়ি বিক্রি ৪.৯% বেড়েছে। ডিজেল ও পেট্রোলের তুলনায় বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই উন্নতি দেখা গেছে। খবর রয়টার্স।
এ বছর ইউরোপীয় গাড়ি শিল্প ট্রাম্প প্রশাসনের বাণিজ্য শুল্ক, চীনা বাজারের ধীরগতি এবং বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের ধীর অগ্রগতির মতো একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সম্প্রতি ডাচ চিপ নির্মাতা নেক্সপেরিয়াকে ঘিরে সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কাও উদ্বেগ বাড়িয়েছিল।
এসিইএর তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনে অক্টোবর মাসে মোট বিক্রি হয়েছে ১০.৯২ লাখ গাড়ি। বড় বাজারগুলোর মধ্যে জার্মানি ও ব্রিটেন আগের বছরের তুলনায় বেশি গাড়ি নিবন্ধন করেছে। ফক্সওয়াগেন, স্টেলান্টিস এবং রেনল্টের বিক্রি যথাক্রমে ৬.৫%, ৪.৬% এবং ১০.৬% বৃদ্ধি পেয়েছে। তবে স্টেলান্টিসের সামগ্রিক বছরের বিক্রি এখনও গত বছরের তুলনায় ৪.৭% কম।
টেসলার বিক্রি বছরে ৪৮.৫% কমে গেলেও চীনা ব্র্যান্ড বিওয়াইডির বিক্রি ২০৬.৮% বেড়ে বাজারে তাদের অংশীদারিত্ব ১.৬%-এ পৌঁছেছে। চীনা মালিকানাধীন এসএআইসি মোটরের নিবন্ধনও ৩৫.৯% বৃদ্ধি পেয়েছে।
ইইউতে মোট গাড়ি বিক্রি বেড়েছে ৫.৮%। ব্যাটারি চালিত, প্লাগ-ইন হাইব্রিড এবং হাইব্রিড গাড়ির নিবন্ধন বেড়েছে যথাক্রমে ৩৮.৬%, ৪৩.২% এবং ৯.৪%, যা মিলিয়ে ইইউর মোট নিবন্ধনের ৬৩.৯%। তবে এসিইএ জানিয়েছে, ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও মোট বিক্রি এখনও মহামারি-পূর্ব স্তরের অনেক নিচে।
ডিবিটেক/বিএমটি



