৫০ হাজার কর্মী ছাঁটাই করছে ফোক্সওয়াগেন

৫০ হাজার কর্মী ছাঁটাই করছে ফোক্সওয়াগেন
৫ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪০  

জার্মান বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগেন তাদের ইতিহাসে সবচেয়ে বড় কৌশলগত পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন করেছে। ‘ফিউচার প্ল্যান ২০৩০’ শীর্ষক এই মহাপরিকল্পনার আওতায় বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটি পরিচালনা ও ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় থেকে প্রায় ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিশ্চিত করেছে। 

বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা, চাহিদার পরিবর্তন এবং অটোমোবাইল খাতের দ্রুত প্রযুক্তিগত রূপান্তরের মুখে অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে গাড়ি তৈরির এই বিশ্বজায়ান্ট। ২০৩০ সালের মধ্যে মূল পরিচালন মুনাফার হার ৯ শতাংশে উন্নীত করাকে এই পুনর্গঠনের প্রধান আর্থিক লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। 

কারখানা পুনর্গঠন ও বাড়তি উৎপাদন সক্ষমতা
কর্মীবাহিনী সঙ্কোচনের পাশাপাশি ইউরোপে নিজেদের উৎপাদন সক্ষমতা ও কারখানার কার্যকারিতা পুনর্মূল্যায়ন করছে ফোক্সওয়াগেন। ইউরোপের বাজারে বর্তমানে তাদের বার্ষিক চাহিদার তুলনায় প্রায় ৫ লাখের বেশি অতিরিক্ত গাড়ি উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা ব্যবসায়িক ঝুঁকির বড় কারণ। এই পরিস্থিতি সামাল দিতে জার্মানির ইমডেন, জভিকাউ, হ্যানোভার ও নেকারসুলমে অবস্থিত কারখানাগুলোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব কারখানাকে বিকল্প অন্য কাজে কীভাবে ব্যবহার করা যায় বা পুনর্গঠন করা সম্ভব কি না, তা পর্যালোচনা করে ২০২৭ সালের জুনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। 

গাড়ির মডেল অর্ধেকে নামানো ও ব্র্যান্ড ছাঁটাই
ব্যয় সঙ্কোচন ও উৎপাদন প্রক্রিয়া সহজ করার অংশ হিসেবে বাজারে বিদ্যমান গাড়ির মডেলের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সামগ্রিক পণ্য সরবরাহের জটিলতাও ৭৫ শতাংশ হ্রাস করা হবে। অর্থাৎ যেসব মডেল বাজারে প্রত্যাশিত সাড়া ফেলতে পারছে না, সেগুলোর উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। 

বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ফোক্সওয়াগেন গ্রুপ তাদের জনপ্রিয় স্প্যানিশ অটোমোবাইল ব্র্যান্ড ‘সিয়াট’ বিলুপ্ত ঘোষণা করতে পারে। তবে সিয়াটের স্বতন্ত্র প্রিমিয়াম ব্র্যান্ড ‘কুপ্রা’ আগের মতোই বজায় থাকবে। নির্দিষ্ট কিছু সফল মডেলে মনোনিবেশ করে বৃহৎ পরিসরে গাড়ি উৎপাদনের মাধ্যমে বিশ্ববাজারে ঘুরে দাঁড়াতে চায় ফোক্সওয়াগেন। 

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: এনগ্যাজেট