ইন্ডিয়ানায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে অ্যামাজন
প্রযুক্তি জায়ান্ট আমাজন ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রের উত্তর ইন্ডিয়ানা অঞ্চলে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে নতুন ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার দ্রুত বাড়তি চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি তাদের ক্লাউডভিত্তিক কম্পিউটিং সক্ষমতা আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নিয়েছে। খবর রয়টার্স।
নতুন প্রকল্পের মাধ্যমে অতিরিক্ত ২.৪ গিগাওয়াট শক্তি সক্ষমতা যুক্ত হবে এবং প্রায় ১,১০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমাজন জানিয়েছে।
এর আগে, গত বছর প্রতিষ্ঠানটি একই রাজ্যে আরও ১১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছিল। ২০১০ সাল থেকে ইন্ডিয়ানায় অ্যামাজনের মোট বিনিয়োগ দাঁড়ালো ৩১.৩ বিলিয়ন ডলার। বর্তমানে অ্যালফাবেট, মাইক্রোসফট এবং মেটার মতো প্রযুক্তি কোম্পানিগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো তৈরিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে।
একই দিনে অ্যামাজন আরও জানায়, তারা যুক্তরাষ্ট্র সরকারের গ্রাহকদের জন্য তাদের ক্লাউডসেবা বিভাগের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সুপারকম্পিউটিং সক্ষমতা বাড়াতে সর্বোচ্চ ৫০ বিলিয়ন ডলার অতিরিক্ত বিনিয়োগ করবে।
ইন্ডিয়ানা প্রকল্পের জন্য প্রতিষ্ঠানটি এনআইপিএসসিও নামের স্থানীয় বিদ্যুৎ ও গ্যাস কোম্পানির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে, যাতে এই প্রকল্পের অতিরিক্ত বিদ্যুতের ব্যয় সাধারণ গ্রাহকদের ওপর না পড়ে।
ডিবিটেক/বিএমটি



