মেট্রোরেলে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড় মিলবে যেভাবে

মেট্রোরেলে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড় মিলবে যেভাবে
২৫ মে, ২০২৬ ১৬:০৫  

মেট্রোরেল ও ট্রেনে বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। ২৫ মে, সোমবার রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়স্ক নাগরিকরা জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে একক যাত্রায় এ সুবিধা পাবেন। এছাড়া ঈদুল আজহার পর শিক্ষার্থীদের জন্যও ২৫ শতাংশ ভাড়া ছাড় চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, ঈদযাত্রায় নারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে চট্টগ্রাম ও সিলেট রুটের দুটি আন্তনগর ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ সংরক্ষণ করা হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, মেট্রোরেল এখন ৬৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স এবং যারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, তাদের জন্য আমরা ২৫ শতাংশ ভাড়া কম কার্যকর করেছি। একই সুবিধা শিক্ষার্থীদের ক্ষেত্রেও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে পরিচয়পত্র যাচাইয়ের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। অল্প সময়ের কারণে আমরা ছাত্রদের জন্য সেটা করতে পারিনি। তাদের আইডেন্টি কার্ডটা (পরিচয়পত্র) কীভাবে শনাক্ত করা হবে, সেটা নির্ধারণে আরেকটু সময় লাগছে। 

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, রেয়াত সুবিধা পেতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের পর যাত্রীকে একটি ইউনিক আইডি দেওয়া হবে এবং মোবাইলে খুদে বার্তা পাঠানো হবে।

সংস্থাটি আরও জানায়, প্রতিবার একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি রেয়াতকৃত টিকিট কেনা যাবে। এ টিকিট অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। রেয়াতপ্রাপ্ত যাত্রীরা টিকিট গ্রহণে অগ্রাধিকার সুবিধাও পাবেন।

/ডিবিটেক/এসএ/ইকে/