অ্যাগ্রো প্রসেসিংয়ে বৈশ্বিক সম্মাননা পেলো প্রাণ-আরএফএল

অ্যাগ্রো প্রসেসিংয়ে বৈশ্বিক সম্মাননা পেলো প্রাণ-আরএফএল
২ নভেম্বর, ২০২৫ ০০:২৮  

বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পের বিকাশ ও রূপান্তরে অগ্রণী ভূমিকার স্বীকৃতিস্বরূপ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘এবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ‘গ্লোবাল বিজনেস লিডারশিপ ইন অ্যাগ্রো-প্রসেসিং’ সম্মাননা পেয়েছে দেশের শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল।

মেলবোর্নের দ্য ল্যাংহাম হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক (রপ্তানি) মো. রাশেদুল হাসানের হাতে সম্প্রতি এ পুরস্কার তুলে দেওয়া হয়।  অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন পুরস্কার তুলে দেন। এ সময় অস্ট্রেলিয়ার ফেডারেল মেম্বার ফর ম্যারিবারনং জো ব্রিসকি এমপি, শ্যাডো অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ফর মাল্টিকালচারাল অ্যাফেয়ার্স ড. রেনি হিথ ও ভিক্টোরিয়ান লিবারেল পার্টির ব্রড ব্যাটিন এমপি উপস্থিত ছিলেন।

প্রাণ-আরএফএল সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে মো. রাশেদুল হাসান বলেন, এ স্বীকৃতি সমগ্র প্রাণ-আরএফএল পরিবারের। গ্রুপের এক লাখ ৬৮ হাজার কর্মীর সম্মিলিত প্রচেষ্টোর ফসল। আমাদের লক্ষ্য হলো দেশ ও দেশের রপ্তানি সমৃদ্ধ করা এবং বিশ্ববাজারে বাংলাদেশের মানসম্পন্ন পণ্যের সম্ভাবনা তুলে ধরা।

অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই) আয়োজিত এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী, কূটনীতিক ও দেশটির নীতিনির্ধারকরা অংশ নেন। এতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, উদ্ভাবন ও টেকসই অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। 

প্রসঙ্গত, গ্রামীণ কৃষকদের ক্ষমতায়ন, পণ্যে মূল্য সংযোজন এবং ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যকে বিশ্বের ১৪৮টি দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রাখায় প্রাণ-আরএফএল গ্রুপকে এ পুরস্কার দেওয়া হয়।