ঈদে ৭০০ প্লাজায় ওয়ালটনের ডিজিটাল পণ্যের সম্ভার
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ডিজিটাল ডিভাইস ও হোম অ্যাপ্লায়েন্স বিক্রয়কারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা দেশজুড়ে তাদের ৭০০-এরও বেশি আউটলেটে পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। গ্রীষ্মের তাপদাহ এবং উৎসবের কেনাকাটায় গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিচার্জেবল ফ্যান, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, স্মার্টফোন ও ল্যাপটপসহ সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পণ্য দিয়ে সাজানো হয়েছে প্রতিটি প্লাজা। একই সঙ্গে উৎসবের এই মৌসুমে গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে নানান আকর্ষণীয় অফার ও বিক্রয়োত্তর ডিজিটাল সেবা।
ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান জানান, উৎসবের এই সময়ে গ্রাহকদের সন্তোষজনক কেনাকাটার অভিজ্ঞতা দিতে সেরা প্রযুক্তি পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং নির্ভরযোগ্য সেবা প্রদানে ওয়ালটন প্রতিশ্রুতিবদ্ধ। প্লাজাগুলো থেকে গ্রাহকেরা নগদ মূল্যের পাশাপাশি সহজ শর্তে কিস্তি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই (EMI) সুবিধায় পণ্য কেনার সুযোগ পাচ্ছেন। ডিজিটাল ডিভাইস ও হোম অ্যাপ্লায়েন্সের বাজার সম্প্রসারণের পাশাপাশি গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও উল্লেখ করেন, কিস্তিতে পণ্য ক্রয়কারী গ্রাহকদের বিশেষ সেবা ও আর্থিক নিরাপত্তা দিতে প্লাজার পক্ষ থেকে ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে গ্রাহকেরা দেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও রেস্তোরাঁসহ বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সেবা ও বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারছেন। এছাড়া এই সুরক্ষানীতির আওতায় গ্রাহক বা তার পরিবারের কোনো সদস্যের আকস্মিক মৃত্যুতে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করছে ওয়ালটন প্লাজা। গ্রাহকদের প্রাথমিক ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্লাজার রয়েছে নিজস্ব টেলিমেডিসিন সেবা, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়োজিত আছেন। সারাদেশে কর্মরত ৭ শতাধিক হ্যাপিনেস ও হেলথ কেয়ার অফিসারের সহায়তায় এবং প্লাজাগুলোর নিজস্ব উদ্যোগে বছরজুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
/ডিবিটেক/এমআই/এমইউএম/



