একসঙ্গে দুটি হেডফোনে ব্লুটুথ অডিওর পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট

একসঙ্গে দুটি হেডফোনে ব্লুটুথ অডিওর পরীক্ষা চালাচ্ছে মাইক্রোসফট
২ নভেম্বর, ২০২৫ ১৯:৫৯  

মাইক্রোসফট তাদের নতুন ফিচার “ব্লুটুথ অডিও শেয়ারিং” পরীক্ষার ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা একই সময়ে দুটি তারবিহীন হেডফোন, স্পিকার বা হিয়ারিং এইডে একসঙ্গে সাউন্ড সম্প্রচার করতে পারবেন। এই ফিচারটি ব্লুটুথ লো এনার্জি (এলই) অডিও প্রযুক্তি ব্যবহার করে এবং বর্তমানে উইন্ডোজ ১১ ইনসাইডারদের ডেভ ও বেটা চ্যানেলে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। খবর দ্য ভার্জ।

যখন ব্যবহারকারী বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে ল্যাপটপে সিনেমা দেখছেন বা নতুন গান শেয়ার করতে চান তখন এই ফিচারটি বেশ উপকারী হবে। এলই সমর্থিত ডিভাইস সংযুক্ত করে ‘শেয়ারড অডিও (প্রিভিউ)’ বাটনটি চাপলেই উভয় হেডফোনে একসঙ্গে অডিও শোনা যাবে।

আগে আগস্ট মাসে মাইক্রোসফট উইন্ডোজ ১১-এ এলই অডিও সমর্থন যুক্ত করে, যা গেম বা কলের সময় তারবিহীন হেডসেটে উন্নত শব্দমান দেয়। বর্তমানে ফিচারটি সীমিতভাবে কোপাইলট প্লাস পিসি-তে যেমন সারফেস ল্যাপটপ (১৩.৮ ও ১৫ ইঞ্চি) ও সারফেস প্রো (১৩ ইঞ্চি)-তে চালু হচ্ছে। পরবর্তী সময়ে এটি স্যামসাং গ্যালাক্সি বুক৫ সিরিজসহ অন্যান্য ডিভাইসেও যুক্ত হবে।

এই ফিচারটি ব্যবহারের জন্য স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো, বাডস ৩, বাডস ৩ প্রো এবং সনি ডব্লিউএইচ-১০০০এক্সএম৬ হেডফোনের মতো ব্লুটুথ এলই সমর্থিত ডিভাইস প্রয়োজন হবে।

ডিবিটেক/বিএমটি